অনলাইন ডেস্ক: একসময় রিকশা চালিয়ে সংসারের হাল ধরেছিলেন টাঙ্গাইলের মির্জাপুরের শফিকুল খলিফা। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে ১২ বছর আগে কর্মক্ষমতা হারান তিনি। এখন অন্যের সহায়তার ওপর নির্ভর করে তার জীবন; কেউ খাবার দিলে জোটে, না হলে দিন-রাত না খেয়েই কাটাতে হয়।
মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্ল্যা গ্রামের শফিকুল খলিফার দিনের বড় সময় ঘরের দরজার পাশে বসে কাটে। খাবার নিয়ে কেউ আসবেন—এই আশায় আকাশের দিকে তাকিয়ে থাকেন তিনি। ৪৭ বছর বয়সী শফিকুল মৃত রশিদ খলিফার ছেলে।
বাবা মারা যাওয়ার পর শফিকুল সংসারের দায়িত্ব নেন। তবে মায়ের মৃত্যুর পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে শফিকুল ও তার ৪০ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী ছোট বোন ফাতেমা আক্তারের সংসার চলে মানুষের সহায়তায়। বাবার রেখে যাওয়া পাঁচ শতাংশ পরিত্যক্ত জমিতে ভাঙাচোরা দুই চালার একটি ঘরে তাদের বসবাস। সেখানে বিদ্যুৎ, রান্নাঘর ও স্যানেটারি শৌচাগার নেই। বর্ষায় বাড়ির চারপাশ পানিতে তলিয়ে গেলে খাবার সহায়তাও পৌঁছানো কঠিন হয়ে পড়ে।
সহায়তার অপেক্ষায় দুই ভাই-বোন
স্থানীয় বাসিন্দারা জানান, সামর্থ্য অনুযায়ী তারা সহযোগিতা করেন। তবে দুই ভাই-বোনের চিকিৎসা, থাকার ব্যবস্থা ও পুনর্বাসন প্রয়োজন। স্থানীয়দের ভাষ্য, সরকার ও বিত্তবানরা এগিয়ে এলে তাদের জীবন কিছুটা সহজ হতে পারে।
স্থানীয় বাসিন্দা শাকিল মিয়া বলেন, অসুস্থ হওয়ার আগে শফিকুল সংসারের দায়িত্ব পালন করতেন। বর্তমানে এলাকার মানুষের সহযোগিতায় তারা কোনোভাবে খেয়ে-পরে আছেন। তাদের জন্য ঘর, টয়লেট ও রান্নাঘর নির্মাণের চেষ্টা চলছে বলে জানান তিনি।
ডি. কে রুবেল বলেন, শফিকুল ১২ বছর ধরে অসুস্থ অবস্থায় ঘরে পড়ে আছেন। তাদের ঘরে টয়লেট ও রান্নাঘর নেই। এলাকাবাসী সহযোগিতার জন্য টাকা সংগ্রহ করছেন বলেও জানান তিনি। ইউপি চেয়ারম্যান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইউএনও সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে দাবি করেন রুবেল।
স্থানীয় বাসিন্দা কাজী মহসীন বলেন, শফিকুল আগে রিকশা চালিয়ে সংসারের হাল ধরেছিলেন। পরে অসুস্থ হয়ে ১২ বছর ধরে ঘরে পড়ে আছেন এবং কোনো কাজ করতে পারছেন না।
ফাতেমা আক্তার বলেন, বাবার মৃত্যুর পর তার ভাই সংসারের দায়িত্ব নেন। এখন মানুষ খাবার দিলে তারা খেতে পারেন, না দিলে পারেন না। সহযোগিতা পেলে ভাইয়ের চিকিৎসা করাতে পারবেন বলে জানান তিনি।
শফিকুল বলেন, চলাফেরা করতে না পারায় এবং অর্থের অভাবে তিনি চিকিৎসা নিতে পারছেন না।
জামুর্কী ইউনিয়ন পরিষদের সদস্য কাজী জোৎস্না বলেন, শফিকুল ও তার বোন খুব মানবেতর জীবনযাপন করছেন। সরকারি সহায়তার পাশাপাশি বিত্তবানদেরও তাদের পাশে দাঁড়ানো উচিত।
মির্জাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেন, দুই ভাই-বোনকে ভাতার আওতায় আনা হয়েছে। আগামী মাস থেকে তারা ভাতার টাকা পাবেন। তাদের যতটুকু সহযোগিতা করা যায়, সে চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

