অনলাইন ডেস্ক: ফরিদপুরে ভুয়া ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে সাজাপ্রাপ্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত নেতা বায়েজিদ হোসেনের আরেকটি অবৈধ ওষুধ কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত শহরের গোয়ালচামট এক নম্বর সড়ক এলাকায় অভিযানটি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. সাকিব রহমান আকাশ। উপস্থিত ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০) ফরিদপুর ক্যাম্পের সদস্যরা ও কোম্পানি কমান্ডার ফারহান মাহমুদ মোক্তাদা।
অভিযানে ভুয়া ওষুধের পাশাপাশি ওষুধ তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ রাসায়নিক পাওয়া যায়। প্রায় তিন লাখ টাকা মূল্যের আয়ুর্বেদিক ওষুধ, শিশুদের বেবি জেল এবং প্রাপ্তবয়স্কদের যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়েছে। ভবন মালিককে ওষুধ তৈরির যন্ত্রপাতি সরিয়ে নিতে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী আবুল কাশেমের চারতলা ভবনের নিচতলা ভাড়া নিয়ে ‘জনতা ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক’ নামে কারখানাটি পরিচালনা করতেন বায়েজিদ। প্রতিষ্ঠানটি ভুয়া লাইসেন্স ব্যবহার করে অননুমোদিতভাবে চলছিল এবং সেখানে কোনো প্রশিক্ষিত কেমিস্ট ছিলেন না।
অভিযানকালে কারখানার দায়িত্বে থাকা কর্মচারী জিল্লুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভেজাল পণ্য ও ওষুধ সংরক্ষণের দায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব রহমান আকাশ বলেন, এর আগে বায়েজিদের মালিকানাধীন জনতা ল্যাবরেটরিজের আরেকটি কারখানায় অভিযান চালিয়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে এসআরবি আরেকটি অবৈধ কারখানার তথ্য দিলে সেখানে অভিযান চালানো হয়।
তার ভাষ্য, কারখানায় পাওয়া ওষুধগুলো মানবদেহের জন্য ক্ষতিকর। এসব ওষুধ ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো বলে জানা গেছে। এ-সংক্রান্ত বিভিন্ন রশিদও পাওয়া গেছে।
এর আগে গত মঙ্গলবার শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়কে বায়েজিদের আরেকটি কারখানায় অভিযান চালিয়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়। সাজা হওয়ার পর এনসিপির ফরিদপুর জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

