অনলাইন ডেস্ক: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’-র শুটিং শুরু হতে না হতেই নতুন বিতর্ক তৈরি হয়েছে। লন্ডনের মাটিতে ঐতিহাসিক লর্ডস কাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ করতে গিয়ে বিপাকে পড়েছে সিনেমাটির প্রযোজনা দল, এমনকি খেসারত দিতে হচ্ছে স্থানীয় কাউন্টি ক্রিকেট ক্লাবকেও।
যুক্তরাজ্যের লেস্টারশায়ারের গ্রেস রোড গ্রাউন্ডে সম্প্রতি বায়োপিকটির বেশ কিছু দৃশ্য ধারণ করা হয়। লেস্টারশায়ারের ঐতিহ্যবাহী কাউন্টি চ্যাম্পিয়নশিপ শুরুর মাত্র চার দিন আগে সেখানে টানা শুটিং চালানো হয় বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, শুটিং চলাকালে দীর্ঘসময় তীব্র গরমের মধ্যেও মাঠ ও পিচ ঢেকে রাখার অনুমতি পাননি গ্রাউন্ডসম্যানরা।
মাঠের প্রধান গ্রাউন্ডসম্যান ক্যালাম লেউইন ক্ষোভ প্রকাশ করে জানান, শুটিং শেষ হওয়ার পর মাঠের অবস্থা বেহাল হয়ে যায়। অতিরিক্ত তাপে পিচে ফাটল ধরে এবং পরে খেলা শুরু হলে বল অসম ও অস্বাভাবিকভাবে বাউন্স করতে দেখা যায়।
আইসিবি ও ঘরোয়া ক্রিকেটের নিয়ম অমাননের ঘটনায় লেস্টারশায়ার ক্লাবকে শাস্তির মুখে পড়তে হয়েছে। ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কাউন্টি চ্যাম্পিয়নশিপের ওই ম্যাচ থেকে অর্জিত ১৯ পয়েন্ট কেটে নেওয়ার পাশাপাশি আরও ৮ পয়েন্ট জরিমানা হিসেবে কাটা হয়েছে। ক্লাবটিকে ৫ হাজার ইউরো আর্থিক জরিমানাও করা হয়েছে।
কমিটি জানিয়েছে, ভেন্যু যথাযথভাবে সামলাতে না পারায় ক্লাবের দায় বেশি। একই সঙ্গে ছবির প্রযোজনা দল ও অর্গানাইজারদের দায়িত্বজ্ঞানহীনতার বিষয়টিও তারা উল্লেখ করেছে। ঘটনাটি নিয়ে ক্রীড়া ও চলচ্চিত্র অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
সৌরভ গাঙ্গুলির ৫৪তম জন্মদিনে প্রকাশ্যে আসে ‘দাদা’ সিনেমার অফিসিয়াল পোস্টার। এতে লর্ডসের ব্যালকনিতে সৌরভের ঐতিহাসিক পোশাক উঁচিয়ে উদযাপনের দৃশ্যটি পুনর্নির্মাণ করতে দেখা যায় রাজকুমার রাওকে। ছবিতে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করছেন তানিয়া মানিকতলা। সৌরভের মা-বাবার ভূমিকায় রয়েছেন অপরাজিতা আঢ্য ও শাশ্বত চট্টোপাধ্যায়, আর ভাই স্নেহাশিস গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করছেন রাহুল দেব বসু। ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোটওয়ানে।

