অনলাইন ডেস্ক: বর্ষাকে বিদায় জানিয়ে শরতের আগমনী বার্তা নিয়ে প্রকৃতির ক্যানভাসে বইছে শুভ্রতার হাওয়া। নীল আকাশে ভেসে বেড়াচ্ছে অসংখ্য সাদা মেঘের ভেলা। একইসঙ্গে বরগুনার বিসিক শিল্পনগরী এলাকা মুখরিত হয়ে আছে সাদা কাশফুলে। রূপসী শরতের সৌন্দর্য ও কাশফুলের স্নিগ্ধ ছোঁয়া পেতে সেখানে শিশু, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী দর্শনার্থীর ভিড় বাড়ছে।
বিসিক শিল্পনগরী এলাকায় নিরাপত্তা বেষ্টনীর ভেতরে বিস্তৃত এলাকাজুড়ে ফুটে আছে অসংখ্য কাশফুল। সবুজের মাঝে সাদা কাশফুলের এই দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই নানা বয়সী মানুষ সেখানে ভিড় করছেন। বিশেষ করে ছুটির দিনে শিশুদের সঙ্গে নিয়ে দূরদূরান্ত থেকে অভিভাবকেরাও আসছেন।
দর্শনার্থীদের কেউ ঘুরে বেড়াচ্ছেন, আবার কেউ প্রকৃতির সৌন্দর্যের ভিডিও ধারণ ও সেলফি তুলছেন। পরিবারের সঙ্গে আসা শিশুরাও কাশফুলের সৌন্দর্য উপভোগ করছে। শহরের কাছাকাছি তেমন পর্যটনকেন্দ্র না থাকায় বিসিকের এলাকাটি পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে বলে দাবি করছেন দর্শনার্থীরা। অভিভাবকদের মতে, প্রকৃতির সংস্পর্শে আসায় শিশুদের মোবাইল ফোনে আসক্তি থেকেও কিছুটা দূরে রাখা সম্ভব হচ্ছে।
স্ত্রীকে নিয়ে সেখানে ঘুরতে আসা আশীষ হাওলাদার বলেন, বরগুনার কাছাকাছি ঘোরার জন্য বিসিকের মতো তেমন জায়গা নেই। এখানে এলে সারাদিনের ক্লান্তি থেকে স্বস্তি পাওয়া যায়। পুজা বলেন, কাশফুল দেখলেই শরতের আগমন ও বর্ষার বিদায়ের বিষয়টি বোঝা যায়। বরগুনায় এমন মনোরম পরিবেশ আর কোথাও নেই বলে তিনি মনে করেন।
মেয়েকে নিয়ে আসা স্কুল শিক্ষক নাদিরা বারেক দিবা জানান, পড়াশোনা শেষে তাঁর সন্তান মোবাইলে আসক্ত হয়ে যায়। তাই বান্ধবীদের সঙ্গে মেয়েকে নিয়ে কাশফুল দেখতে এসেছেন। স্থানীয় বাসিন্দা ইশরাত জাহান রুমিও মেয়েকে মোবাইল থেকে দূরে রাখতে সেখানে ঘুরতে এসেছেন বলে জানান।
বরগুনার পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আরিফ খান বলেন, শহরের আশপাশে বিনোদনের জায়গা কম। শরতের সময়ে বিসিক এলাকায় কাশফুল ফুটলে মানুষের ভিড় দেখা যায়। তাঁর দাবি, গত সাত থেকে আট বছর ধরে একই চিত্র দেখা যাচ্ছে। তবে বিসিক শিল্পনগরী কর্তৃপক্ষ গাছ কাটা শুরু করেছে এবং গাছ বিক্রি করে দিচ্ছে। তাঁর মতে, আরও কিছুদিন পর গাছ কাটার উদ্যোগ নিলে ভালো হতো।

