Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

‘১৭ বছর নয়, ১৭ মাসেই আবার বিশ্বকাপ জিতেছে ভারত’

‘১৭ বছর নয়, ১৭ মাসেই আবার বিশ্বকাপ জিতেছে ভারত’

অনলাইন ডেস্ক: একটি খারাপ সিরিজ কিংবা কয়েকটি ম্যাচের ব্যর্থতা দিয়ে পুরো দলকে বিচার করা উচিত নয় বলে মন্তব্য করেছেন ভারতের টি-টোয়েন্টি দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। সাম্প্রতিক ব্যর্থতার পরও দলের ওপর আস্থা রাখার পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি ভারতের বিশ্বকাপ জয়ের ধারাবাহিকতার কথা তুলে ধরেছেন।

গম্ভীরের ভাষ্য, দুই বছরের মধ্যে ভারত বিশ্বকাপ জিতেছে। তার মতে, এক বিশ্বকাপ থেকে পরের বিশ্বকাপ পর্যন্ত অপরাজিত থেকে শিরোপা জেতা দল বিশ্ব ক্রীড়াঙ্গনে খুব কমই আছে। বিশ্বকাপ জয়ের জন্য ভারতকে ১৭ বছর অপেক্ষা করতে হয়নি, সময় লেগেছে ১৭ মাস।

ভারতের কোচ মনে করেন, একটি খারাপ সিরিজ কিংবা তিন-চারটি ম্যাচে ব্যর্থতা কোনো খেলোয়াড়কে খারাপ বা দলকে দুর্বল প্রমাণ করে না। তাই দলের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখা জরুরি বলে মনে করেন তিনি।

স্যামসনকে বাদ দেওয়া কঠিন সিদ্ধান্ত

ভারতের টি-টোয়েন্টি দলের সাম্প্রতিক নির্বাচন নিয়েও কথা বলেছেন গম্ভীর। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে তরুণ বৈভব সূর্যবংশীকে খেলানোর সিদ্ধান্তকে কোচিং ক্যারিয়ারের অন্যতম কঠিন মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে টুর্নামেন্টসেরার পুরস্কার জিতেছিলেন স্যামসন। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটিতে হারের পর তাকে একাদশের বাইরে রাখা হয় এবং তার জায়গায় দলে আসেন সূর্যবংশী।

গম্ভীর জানান, দুই বছরের কোচিং-যাত্রায় ওই রাতেই তিনি একমাত্র ঘুমাতে পারেননি। বিশ্বকাপে টুর্নামেন্টসেরা হওয়া একজন খেলোয়াড়কে তিন-চার ম্যাচ পর বাদ দেওয়া টি-টোয়েন্টি কোচ হিসেবে তার জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি ছিল বলে জানান তিনি।

সূর্যবংশীর দুর্দান্ত ফর্ম এবং দলের ওপেনিংয়ে রান পাওয়ার প্রয়োজনীয়তাকে সিদ্ধান্তটির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন গম্ভীর। বিষয়টি নিয়ে স্যামসনের সঙ্গে খোলামেলা আলোচনা করেছিলেন বলেও জানান তিনি। গম্ভীরের দাবি, স্যামসন সিদ্ধান্তটি ইতিবাচকভাবেই নিয়েছিলেন।

তবে তরুণ খেলোয়াড়দেরও সুযোগের জন্য অপেক্ষা করতে হবে বলে মনে করেন ভারতের কোচ। তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যম বা বাইরের আলোচনা নয়, দলের স্বার্থ এবং কোচ-অধিনায়কের মূল্যায়নের ভিত্তিতেই একাদশ নির্বাচন হওয়া উচিত।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram