Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আশাবাদী কেইন

বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আশাবাদী কেইন

অনলাইন ডেস্ক: বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে হ্যারি কেইনের। জার্মান ক্লাবটিতে দীর্ঘমেয়াদে থাকার ইচ্ছার কথা আগেই জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। এবার নতুন চুক্তি নিয়ে আশাবাদী হওয়ার মতো বার্তাও দিয়েছেন তিনি।

কেইনের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। ২০২৩ সালে টটেনহাম হটস্পার ছেড়ে বায়ার্নে যোগ দেওয়া এই স্ট্রাইকারের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা শুরু হয় আগস্টে। এখন সেই আলোচনা চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে।

চুক্তি নিয়ে কেইন জানিয়েছেন, আলোচনা ভালোভাবে এগোচ্ছে এবং দুই পক্ষ প্রায় সমঝোতায় পৌঁছে গেছে। তবে কিছু বিষয় এখনো চূড়ান্ত করা বাকি বলেও উল্লেখ করেছেন তিনি। বায়ার্নে সুখে আছেন জানিয়ে কেইন বলেছেন, এ বিষয়ে শিগগিরই ঘোষণা আসতে পারে।

বায়ার্নে নিজের ও পরিবারের স্বাচ্ছন্দ্যকেও গুরুত্ব দিচ্ছেন কেইন। মিউনিখের পরিবেশ, দলের কোচ ও সতীর্থদের সঙ্গে বোঝাপড়ায় সন্তুষ্ট তিনি। বয়স বাড়ার সঙ্গে নিজের সেরাটা ধরে রাখতে পরিচিত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে থাকাকে গুরুত্বপূর্ণ মনে করছেন ইংলিশ এই তারকা।

বায়ার্নের হয়ে কেইনের পারফরম্যান্সও চুক্তি নবায়নের আলোচনায় ভূমিকা রাখছে। ক্লাবটিতে যোগ দেওয়ার পর নিয়মিত গোল করে চলেছেন তিনি। বায়ার্নের হয়ে ইতিমধ্যে দুটি বুন্দেসলিগা শিরোপা, একটি জার্মান কাপ ও দুটি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সুপারকাপ জিতেছেন কেইন।

কেইনকে ধরে রাখতে আগ্রহী বায়ার্নও। ক্লাবটির প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেন এর আগে জানিয়েছিলেন, কেইনের সঙ্গে ক্লাবের সম্পর্ক ও বোঝাপড়া ভালো। চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষ স্বচ্ছন্দে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram