Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ভিডব্লিউবি কার্ড বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

ভিডব্লিউবি কার্ড বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক: সরকারের সামাজিক কর্মসূচির আওতায় দুস্থ নারীদের পরিবারকে খাদ্য সহায়তার ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)’ তালিকায় অনিয়ম, স্বজনপ্রীতি ও স্বচ্ছল পরিবারের নাম অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান হোসেনের বিরুদ্ধে।

এ ঘটনায় ইউনিয়নের দরিদ্র মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত গরিব ও অসহায়দের তালিকা তৈরির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বদলগাছী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের তথ্যমতে, ২০২২ সালের ১৬ অক্টোবর সরকার ভিডব্লিউবি কর্মসূচির পরিপত্র অনুমোদন করে। বালুভরা ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরে এ কর্মসূচির আওতায় ১৮৬ জন উপকারভোগী রয়েছেন। কর্মসূচির আওতায় দুস্থ নারীর পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হয়।

তালিকায় স্বচ্ছল পরিবারের নাম

খোঁজ নিয়ে জানা গেছে, দুস্থ নারীদের পরিবারকে অন্তর্ভুক্তির নিয়ম থাকলেও তালিকায় স্বচ্ছল পরিবার, ব্যবসায়ী ও বিএনপি নেতার পরিবারের নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে।

১ নম্বর ওয়ার্ডের কোমারপুর গ্রামের হাফিজা সুলতানার নামে কার্ড দেওয়া হয়েছে। তার স্বামী ওয়াসিম আলী ধান ব্যবসায়ী এবং কয়েক বিঘা জমির মালিক বলে স্থানীয়রা জানিয়েছেন। ইউপি সদস্য আনন্দ কুমার শীল বলেন, চেয়ারম্যান আল এমরান হোসেন ওই পরিবারের নামে কার্ড দিয়েছেন বলে তিনি জানেন।

সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য শিউলি বেগমের ছেলের স্ত্রী সাম্মী আক্তারের নামও তালিকায় রয়েছে। তাদের পরিবারের ৪-৫ বিঘা ফসলি জমি রয়েছে বলে জানা গেছে। শিউলি বেগমের দাবি, ভোটার পরিচয়পত্রের সমস্যার কারণে সাম্মীর নামে কার্ড করা হলেও চাল অন্য একজনকে দেওয়া হয়।

এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালুভরা গ্রামের খোরশেদ আলী সাগিদারের স্ত্রী লাভলী বেগমের নামেও কার্ড দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, খোরশেদ আলী প্রায় ১৫ বছর ধরে নওগাঁ সদর উপজেলার কির্ত্তীপুর ইউনিয়নের শালুকান গ্রামে বসবাস করছেন।

চেয়ারম্যান ও কর্মকর্তার বক্তব্য

অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আল এমরান হোসেন বলেন, এক বছর আগে ভিডব্লিউবি কার্ড বিতরণ করা হয়েছে। তালিকায় কীভাবে নাম এসেছে, তা তার জানা নেই। তিনি বলেন, এখানে কোনো অনিয়ম হয়নি।

বদলগাছী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, ভিডব্লিউবি যাচাই-বাছাইয়ের জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদে কমিটি রয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ওই কমিটির সভাপতি এবং কমিটির প্রস্তাবনার ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়। স্বচ্ছল পরিবারের নাম থাকলে ছয় মাসের মধ্যে তা সংশোধনের সুযোগ থাকে, তবে বর্তমানে সেই সুযোগ নেই।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram