অনলাইন ডেস্ক: সন্তান জন্ম দেওয়ার পর সাবেক জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। টানা কয়েক মাস ধরে তার ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষ থামছেই না। সম্প্রতি আম্বানি পরিবারের গণপতি উৎসবে যোগ দেওয়ার পর তা যেন আরও রূপ নেয় সাইবার বুলিংয়ে। তবে নীরব না থেকে প্রাক্তনের পক্ষে প্রকাশ্য মঞ্চেই আওয়াজ তুলেছেন বলিউড ভাইজান সালমান খান।
‘বিগ বস’-এর মঞ্চে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রলারদের জবাব দেন সালমান। এই ঘটনায় অতীতের তিক্ততা ভুলে তার প্রশংসা করেছেন বিবেক ওবেরয়। দুই দশক আগে বলিউড তারকা ঐশ্বরিয়া রাইকে কেন্দ্র করে সালমান খান ও বিবেক ওবেরয়ের দ্বন্দ্ব ব্যাপকভাবে আলোচিত হয়েছিল।
২০০৩ সালে এক সংবাদ সম্মেলনে সালমানের বিরুদ্ধে হুমকির অভিযোগ এনেছিলেন বিবেক। এরপর তাদের সম্পর্কের অবনতি ঘটে। বিবেকের ক্যারিয়ারেও এর প্রভাব পড়েছিল বলে মনে করেন সিনেমাপ্রেমীরা। তবে ২০২৬ সালে ক্যাটরিনাকে নিয়ে চলা ট্রলিংয়ের জবাবে সালমানের অবস্থানকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন বিবেক।
সম্প্রতি ‘ক্যান্সার পেশেন্টস এইড অ্যাসোসিয়েশন’ আয়োজিত একটি সচেতনতামূলক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে সালমানের প্রতিবাদের প্রসঙ্গ উঠলে বিবেক ট্রলিংকে ক্ষতিকর মানসিকতা হিসেবে উল্লেখ করেন। তার মতে, নেতিবাচক চর্চা থেকে দূরে থাকা উচিত এবং কারও ব্যক্তিগত জীবন বা শারীরিক গঠন নিয়ে অযথা মন্তব্য করা ঠিক নয়।
অতীতে সম্পর্কের টানাপোড়েন থাকলেও নারী ও সহকর্মীর প্রতি সম্মানের প্রশ্নে বলিউডের দুই তারকা একই অবস্থানে দাঁড়িয়েছেন। সালমানের প্রতিবাদ এবং পুরোনো তিক্ততা ভুলে বিবেকের সমর্থনকে ইতিবাচকভাবে দেখছেন ভক্ত ও বিনোদন বিশ্লেষকেরা।

