অনলাইন ডেস্ক: গাইবান্ধার সাদুল্লাপুরে কুকুরের কামড়ে সিনথিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গলায় গভীর ক্ষত নিয়ে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। একই কুকুরের কামড়ে আহত হয়েছেন রাকিব হোসেন (২৬) নামে এক যুবক।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রওজাতুন জান্নাত।
নিহত সিনথিয়া উপজেলার উত্তর হাটবামুনী গ্রামের সনজু মিয়ার মেয়ে। আহত রাকিব একই এলাকার আকবার আলীর ছেলে এবং হোটেল শ্রমিক হিসেবে কাজ করেন।
প্রাণিসম্পদ বিভাগ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, সোমবার বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একটি কুকুর সিনথিয়াকে ধাওয়া করে। একপর্যায়ে কুকুরটি তার গলায় কামড় দিলে শ্বাসনালীতে গভীর ক্ষত হয়। একই সময় রাকিবের হাতেও কামড় দেয় কুকুরটি।
পরে স্বজন ও স্থানীয়রা দুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিনথিয়াকে মৃত ঘোষণা করেন। রাকিবকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন।
সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তানভীক জাহান বলেন, কুকুরের কামড়ে শিশুটির শ্বাসনালীতে গভীর ক্ষত হয়েছিল। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। একই কুকুরের কামড়ে এক যুবক আহত হয়েছেন।
তিনি বলেন, কুকুরের পাশাপাশি মানুষকেও গণভ্যাকসিনেশনের আওতায় আনা জরুরি, কারণ সবাই ঝুঁকির মধ্যে রয়েছেন।
ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট পদের বিপরীতে থাকা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. তানভীর রহমান কল্লোল বলেন, র্যাবিস স্নায়ুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছাতে পারে। তাই মাথার কাছাকাছি কামড় হলে দ্রুত সংক্রমণের ঝুঁকি থাকে। র্য্যাবিস আক্রান্ত প্রাণীর কামড় নিশ্চিত হলে ১৫ থেকে ২০ মিনিট সাবান ও পানি দিয়ে ক্ষতস্থান ধুয়ে দ্রুত ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেন তিনি। ক্ষত গভীর হলে আরআইজি নেওয়ার কথাও জানান তিনি।
ইউএনও মিজ রওজাতুন জান্নাত জানান, উপজেলা স্বাস্থ্য বিভাগ, প্রাণিসম্পদ বিভাগসহ কয়েকটি দপ্তরের প্রধানরা আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন। উপজেলার সব কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রয়েছে বলেও জানান তিনি।
এর আগে ২০ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে একটি শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হন। এছাড়া ২২ এপ্রিল একই উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কয়েকটি গ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ২৬ জন আহত হন। তাঁদের মধ্যে ৩ নারী ও ২ পুরুষসহ ৫ জনের মৃত্যু হয়।

