Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যে ওয়ানডেতেও হার দিয়ে শুরু শ্রীলঙ্কার

জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যে ওয়ানডেতেও হার দিয়ে শুরু শ্রীলঙ্কার

অনলাইন ডেস্ক: দলীয় সংগ্রহ অনায়াসেই তিনশ পেরোত ইংল্যান্ডের। তবে অধিনায়ক হ্যারি ব্রুকের বিদায়ে ধসে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত তাদের দেওয়া ২৬৬ রানের লক্ষ্যটা বেশ বড়সড় আকারেই হাজির হয় শ্রীলঙ্কার সামনে। টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর লঙ্কানরা এবার ওয়ানডেতেও হার দিয়ে শুরু করল। যেখানে ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকস বল হাতে ফাইফার ও ৪৬ রানের ইনিংস খেলেছেন।

চেস্টার-লি-স্ট্রিটে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ড ৪৮.১ ওভারে ২৬৫ রানে অলআউট হয়। লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কা ৩৭ ওভারে ১৭৬ রানে গুটিয়ে গেলে ৮৯ রানে জিতে ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।

ব্যাটে-বলে জ্যাকসের অবদান

ইংল্যান্ডের ষষ্ঠ বোলার হিসেবে আক্রমণে এসে উইল জ্যাকস ২২ রান দিয়ে ৫ উইকেট নেন। ওয়ানডে ইতিহাসে এটি ইংল্যান্ডের কোনো স্পিনারের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। এর আগে ব্যাট হাতে ৪৭ বলে ৫টি চারে ৪৬ রান করেন তিনি। ব্যাট ও বলের পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও পান জ্যাকস।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড শুরুতেই টম ব্যান্টারের উইকেট হারায়। এরপর জো রুট ও বেন ডাকেটের জুটিতে ৫১ রান আসে। ডাকেট ৩২ রানে আউট হওয়ার পর রুট ৪৪ রান করে ফেরেন। হ্যারি ব্রুক ৬৯ বলে ৭ চারে ৬৭ রান করেন। ব্রুকের বিদায়ের পর ইংল্যান্ডের ইনিংসে ধস নামে। জস বাটলার করেন ৩১ রান, আর জ্যাকস ৪৬ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো ও অভিষিক্ত সাচিন্দু কলম্বাগ ৩টি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কার হয়ে ভেল্লালাগে ৩৬ বলে ৪৫ রান করেন। অধিনায়ক কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ৬০ বলে ৪২ রান। কামিন্দু মেন্ডিস ১৪ ও পাথুম নিশাঙ্কা ২৭ রান করেন। ইংল্যান্ডের হয়ে জ্যাকস ৫টি এবং জেমি ওভারটন ২টি উইকেট নেন। ২৭ বছর বয়সী জ্যাকস লিস্ট ‘এ’ ও ওয়ানডে—দুই ফরম্যাটেই প্রথমবার ফাইফার পেয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram