Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

কুয়েত বিমানবন্দরে বাংলাদেশি যাত্রীর কাছ থেকে বিপুল মাদক জব্দ

কুয়েত বিমানবন্দরে বাংলাদেশি যাত্রীর কাছ থেকে বিপুল মাদক জব্দ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে কুয়েতে যাওয়া এক বাংলাদেশি যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (২১ সেপ্টেম্বর) কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৫-এ তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমসের বরাত দিয়ে জানা গেছে, ওই যাত্রীর কাছ থেকে ৪ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩১৯.৩ গ্রাম মেথঅ্যামফিটামিন এবং ৬ হাজার ২১১টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে আটক যাত্রীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

উদ্ধার করা মাদক জব্দের পর আটক ব্যক্তিকে আইনি পদক্ষেপের জন্য স্থানীয় মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুয়েত সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। দেশটির বিমানবন্দরসহ সব স্থল প্রবেশপথে মাদক চোরাচালান ঠেকাতে নিরাপত্তা ও তল্লাশি জোরদার করা হয়েছে।

বাংলাদেশ থেকে যাওয়া বিমানে এত বড় মাদকের চালান কীভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ক্যানিং পার হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসী বাংলাদেশিরা।

কুয়েত বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের দাবি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও তল্লাশি প্রক্রিয়া পেরিয়ে এ ধরনের চালান বাইরে যাওয়ার ঘটনা উদ্বেগজনক। এতে কোনো কর্মকর্তা বা চক্র জড়িত কি না, তা তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তাদের মতে, এ ঘটনায় কুয়েতে থাকা বাংলাদেশি এবং দেশের শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram