অনলাইন ডেস্ক: বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ। শত শত বছরের ইতিহাস, অনন্য স্থাপত্যশৈলী ও ধর্মীয় গুরুত্বের কারণে শুধু দেশের নয়, আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্য মসজিদটি আকর্ষণীয় স্থাপনা। হজরত খানজাহান আলীর স্মৃতিবিজড়িত এই মসজিদ দেখতে প্রতিদিনই আসেন দেশ-বিদেশের শত শত দর্শনার্থী। তবে মসজিদের ভেতরে ও দেয়ালসংলগ্ন এলাকায় টিকটক, রিলসসহ বিভিন্ন ভিডিও তৈরির সময় কিছু দর্শনার্থীর অশোভন আচরণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।
স্থানীয়দের অভিযোগ, কেউ কেউ মসজিদের ভেতর ও দেয়ালের পাশে অশোভন অঙ্গভঙ্গি, উচ্চ শব্দ এবং ধর্মীয় পরিবেশের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আচরণ করে ভিডিও ধারণ করছেন। সচেতন নাগরিকরা বলছেন, ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনায় ছবি বা ভিডিও করার সময় স্থানটির মর্যাদা ও পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন।
গত ১৮ সেপ্টেম্বর আসরের নামাজের পর মসজিদ প্রাঙ্গণে দেশি-বিদেশি দর্শনার্থীদের ভিড় দেখা যায়। প্রধান ফটকের পাশের দুটি মেহগনি গাছের কাছে দুই দর্শনার্থীকে অশোভন অঙ্গভঙ্গিতে ভিডিও ধারণ করতে দেখা যায়। তাদের ভাষ্য, এভাবে ভিডিও বানালে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বেশি ভিউ পাওয়া যায়।
মসজিদের পশ্চিম পাশের দেয়ালের সঙ্গে হেলে দুই তরুণীকে অশোভন অঙ্গভঙ্গিতে ছবি তুলতেও দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে তারা এটিকে ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেন।
খুলনা থেকে আসা দর্শনার্থী রাইয়ান ইসলাম বলেন, ষাটগম্বুজ মসজিদ বিশ্ব ঐতিহ্যের অংশ। এখানে দেশ-বিদেশের অনেক মানুষ আসেন। এমন ঐতিহাসিক স্থানে নানা ভঙ্গিতে ছবি ও ভিডিও তৈরি করা কাম্য নয়।
ইতিহাস ও স্থাপত্য
বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ নগরীর অংশ হিসেবে ১৯৮৫ সালে ষাটগম্বুজ মসজিদ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। ঐতিহাসিকভাবে অঞ্চলটি ‘খলিফাতাবাদ’ নামে পরিচিত ছিল। ১৫ শতকে উলুঘ খান জাহান বা খানজাহানের উদ্যোগে এখানে মসজিদ, সমাধি, রাস্তা, সেতু ও জলাধারসহ একটি সমৃদ্ধ মুসলিম নগর গড়ে ওঠে।
নাম ষাটগম্বুজ হলেও মসজিদের মূল ছাদে রয়েছে ৭৭টি গম্বুজ। চার কোণের চারটি গম্বুজসহ মোট গম্বুজের সংখ্যা ৮১টি। ভেতরে রয়েছে ৬০টি স্তম্ভ।
স্থানীয়দের অভিযোগ, নিয়মিত নজরদারি থাকার পরও এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগ উদ্বেগজনক। তারা বিষয়টি খতিয়ে দেখে নজরদারি আরও কার্যকর করার দাবি জানিয়েছেন। এ ছাড়া মসজিদের ভেতরে দর্শনার্থীদের ধূমপান নিয়েও অভিযোগ রয়েছে।
মসজিদের দায়িত্বপ্রাপ্ত কাস্টডিয়ান মোহাম্মদ যায়েদ বলেন, অনেক সময় দর্শনার্থীরা গোপনে টিকটক, রিলস ও ছবি ধারণ করেন। অশোভন অঙ্গভঙ্গির বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। ভবিষ্যতে আরও সচেতনভাবে নজরদারি করা হবে।
ষাটগম্বুজ বায়তুশ শরীফ আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আসলাম হোসেন বলেন, ষাটগম্বুজ বাগেরহাটের গৌরব। স্থাপনাটির পবিত্রতা ও মর্যাদা রক্ষায় কর্তৃপক্ষের পাশাপাশি দর্শনার্থীদেরও দায়িত্বশীল হতে হবে।

