Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ে ৮০৮ শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাঠালো মাউশি

শিক্ষা মন্ত্রণালয়ে ৮০৮ শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাঠালো মাউশি

অনলাইন ডেস্ক: দেশের শতবর্ষী স্কুল-কলেজের তালিকা প্রস্তুত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তালিকায় স্থান পেয়েছে ৮০৮টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এ তালিকা ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তালিকা থেকে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানা গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) মাউশি থেকে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

মাউশির পাঠানো তালিকা অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৫৯টি, খুলনায় ১২৬টি, রাজশাহীতে ১০১টি, ময়মনসিংহে ৭৪টি, বরিশালে ৬৯টি, রংপুরে ৬৯টি এবং সিলেট বিভাগে ৪২টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে।

এর আগে গত ২৫ আগস্ট শতবর্ষী স্কুল ও কলেজের তালিকা প্রস্তুত করতে মাউশিকে নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলমের সই করা চিঠিতে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা তিন কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়।

মাউশির তথ্যমতে, চিঠিটি সেপ্টেম্বরের শুরুতে অধিদপ্তরে পৌঁছায়। পরে ২ সেপ্টেম্বর মাউশি থেকে সব অঞ্চল পরিচালক ও উপপরিচালকের কাছে চিঠি পাঠিয়ে দুই কর্মদিবসের মধ্যে তালিকা দিতে বলা হয়।

বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া তথ্যের পাশাপাশি বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) থেকেও তথ্য সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে ৮০৮টি শতবর্ষী বেসরকারি স্কুল-কলেজের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram