Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

রংপুরে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড চালু

রংপুরে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড চালু

অনলাইন ডেস্ক: রংপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ২০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ডটির উদ্বোধন করা হয়।

রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. ওয়াজেদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিন।

ডা. মো. ওয়াজেদ আলী বলেন, ডেঙ্গু মশাবাহিত রোগ হলেও সময়মতো সঠিক চিকিৎসা ও পর্যবেক্ষণ নিশ্চিত করা গেলে জটিলতা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। পৃথক ২০ শয্যার ওয়ার্ড চালু হওয়ায় ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা আরও সুসংগঠিত হবে বলে তিনি জানান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিশেষায়িত ওয়ার্ডে প্রয়োজনীয় চিকিৎসা, পর্যবেক্ষণ ও নার্সিংসেবা দেওয়ার পাশাপাশি রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনার সুযোগ থাকবে। আর্থিকভাবে অসচ্ছল ও দরিদ্র রোগীরাও যাতে উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার বলেন, আর্থিক অসচ্ছলতা যেন কোনো রোগীর চিকিৎসার পথে বাধা না হয়, সে লক্ষ্যেই হাসপাতালটি কাজ করছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসাসেবা দিতে পৃথক ২০ শয্যার ওয়ার্ড চালু করা হয়েছে বলেও তিনি জানান।

ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের স্বজনরা হাসপাতালের পরিবেশ এবং চিকিৎসক-নার্সদের সেবায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, পৃথক ওয়ার্ড থাকায় রোগীদের চিকিৎসা ও পর্যবেক্ষণ নিয়ে আস্থার পরিবেশ তৈরি হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মো. মেশকাতুল আবেদ, রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন, পরিচালনা পর্ষদের পরিচালক মেজর (অব.) মো. নাসিম উদ্দিন, মো. মোয়াজ্জেম হোসেন সরকার, মোশাররফ হোসেন দীপ্তি, হাসপাতালের পরিচালক ডা. এ বি এম আবু হানিফ এবং কলেজের অধ্যক্ষ ডা. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram