অনলাইন ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন ২৭ সেপ্টেম্বর শুরু হবে। আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১৭ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, যারা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেনি বা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন করতে না পারা, নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে না পারা এবং ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও এ সুযোগ পাবে।
আবেদনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে দেওয়া নির্দেশিকা অনুসরণ করতে হবে। কলেজে বিদ্যমান আসনসংখ্যা বিবেচনা করে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে বলা হয়েছে।
নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়নের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিতদের কলেজে ভর্তি চলবে ৫ থেকে ৭ অক্টোবর।
প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন ফি ২২০ টাকা দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন বা এডিট সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তিতে কোটার যোগ্যতা যাচাই করে সঠিকভাবে কোটা নির্ধারণ এবং নির্ধারিত সময়ে নিশ্চায়ন ফি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

