Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

রায়গঞ্জে মসজিদের ভেতর এমপিকে নিয়ে সভার ছবি ছড়িয়ে আলোচনা

রায়গঞ্জে মসজিদের ভেতর এমপিকে নিয়ে সভার ছবি ছড়িয়ে আলোচনা

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি মসজিদের ভেতরে চেয়ার ও সোফা বসিয়ে স্থানীয় সংসদ সদস্য মো. আয়নুল হকের অংশগ্রহণে সভা করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা শুরু হয়েছে। তবে ঘটনাটিকে রাজনৈতিক সভা হিসেবে উপস্থাপনের অভিযোগ অস্বীকার করে প্রতিবাদ জানিয়েছে রায়গঞ্জ উপজেলা বিএনপি।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা কওমিয়া মাদ্রাসা জামে মসজিদে এ আয়োজন করা হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) সভার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, কোদলা কওমিয়া মাদরাসা ও জামে মসজিদের উন্নয়ন এবং প্রতিষ্ঠান পরিচালনার বকেয়া অর্থ পরিশোধে সহযোগিতা চেয়ে সংসদ সদস্য মো. আয়নুল হকসহ স্থানীয় বিএনপি নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। অতিথিদের বসার জন্য মসজিদের ভেতরে চেয়ার ও সোফার ব্যবস্থা করা হয়।

রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম বলেন, মাদরাসা ও জামে মসজিদ পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বকেয়া রয়েছে। সহযোগিতা চাওয়ার জন্য কর্তৃপক্ষ সংসদ সদস্যসহ স্থানীয় নেতাদের আমন্ত্রণ জানায়। তার ভাষ্য, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না; আয়োজকদের ব্যবস্থাপনায় হওয়া আলোচনা সভায় তারা অংশ নেন।

গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদপত্রে রায়গঞ্জ উপজেলা বিএনপি জানায়, প্রতিষ্ঠান দুটির উন্নয়ন নিয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে অংশ নিতেই সংসদ সদস্যসহ স্থানীয় নেতারা সেখানে যান। চেয়ার ও সোফার ব্যবস্থা মসজিদ-মাদরাসা কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগে করে।

প্রতিবাদপত্রে আরও বলা হয়, সেখানে কোনো দলীয় সভা, রাজনৈতিক কর্মসূচি, মিছিল, স্লোগান বা সাংগঠনিক সিদ্ধান্ত হয়নি। উন্নয়ন নিয়ে আলোচনা শেষে মসজিদ, মাদরাসা ও কবরস্থানে দাফন করা মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram