অনলাইন ডেস্ক: মাদ্রিদ ডার্বিতে হইচই ফেলার মতো কিছু হবে না তা কি হয়? গতকাল রিয়াদ এয়ার মেত্রোপলিতানোতে অ্যাতলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচও বিতর্কের মধ্য দিয়ে শেষ হয়েছে। বিশেষ করে ম্যাচের দায়িত্বে থাকা রেফারিদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন রিয়াল কোচ হোসে মরিনিও।
রেফারিদের সিদ্ধান্ত সঠিক ছিল না—এমন দাবি তুলে সংবাদ সম্মেলনে হাজির হন মরিনিও। তিনি লাল কার্ড পাওয়ার যোগ্য বলে মনে করা দুটি ট্যাকলের ছবি প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসেন।
ম্যাচের দ্বিতীয়ার্ধে অ্যাতলেটিকো পেনাল্টি পায়। ওই ঘটনায় রিয়ালের ডিফেন্ডার হুইসেনকে লাল কার্ড দেখান রেফারি। তবে প্রথমার্ধের দুটি ঘটনায় রিয়ালও লাল কার্ডের দাবি জানিয়েছিল। জুড বেলিংহামের ওপর ক্রিশ্চিয়ান রোমেরোর চ্যালেঞ্জ এবং ফেদেরিকো ভালভার্দের গোড়ালিতে কাং-ইন লির ট্যাকল—এই দুই ঘটনায় অন্তত একটি লাল কার্ড প্রাপ্য ছিল বলে মনে করেন মরিনিও।
রোমেরো ও লির ট্যাকলের ছবি দেখিয়ে মরিনিও বলেন, সংবাদ সম্মেলন বাদ দেওয়া যেত, কারণ ম্যাচের মূল কাহিনি ওই ছবিতেই দেখা যাচ্ছে। তার মতে, দুটি ঘটনাই পরিষ্কার লাল কার্ড পাওয়ার মতো। তিনি আরও বলেন, রিয়াল যদি ১১ জন নিয়ে খেলত এবং প্রতিপক্ষ ৯ জনে থাকত, তাহলে ম্যাচের পরিস্থিতি ভিন্ন হতে পারত।
রেফারি ওরতিজ আরিয়াসকে নিয়েও মন্তব্য করেন মরিনিও। তিনি বলেন, ৪১ বছর বয়সী ওই রেফারির কোনো আন্তর্জাতিক অভিজ্ঞতা নেই। তবে ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল—এমন কথা তিনি বলছেন না বলেও জানান। তার দাবি, রেফারিং কমিটি ভুল করেছে।
রিয়ালের অফিসিয়াল ওয়েবসাইটের ম্যাচ রিপোর্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেও রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভয়াবহ রেফারিং পারফরম্যান্স ডার্বির ফল নির্ধারণ করেছে। রেফারি আরিয়াসকে অত্যন্ত জঘন্য বলেও উল্লেখ করা হয়।
ম্যাচ শেষে ইংল্যান্ডের তারকা বেলিংহামকে অফিসিয়ালদের উদ্দেশ্যে চিৎকার করতে দেখা যায়। ২-১ গোলের হারের পর সাত ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় চারে নেমে গেছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকোর চেয়ে তারা এক পয়েন্ট পিছিয়ে এবং শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান ছয় পয়েন্ট।

