অনলাইন ডেস্ক: নিয়মিতই ফটোশুট করেন অপু বিশ্বাস। তবে এবারের ফটোশুট একটু আলাদা। সাজে যেমন রেখেছেন ভিন্নতা, ছবিগুলো ধারণও করেছেন ব্যতিক্রম আবহে।
গতকাল নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন অপু। ছবিতে তাকে চকচকে ধূসর-বাদামি রঙের টু-পিস স্যুটে দেখা যায়। তবে পোশাকের চেয়ে তার হাতে থাকা বই এবং ছবির পেছনের পরিবেশই বেশি নজর কেড়েছে।
অপুর হাতে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’। বইটি হাতে নিয়ে নানা ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। কখনো বইয়ের পাতায় চোখ রেখেছেন, আবার কখনো বইটি মুখ ও মাথার কাছে ধরে ছবি তুলেছেন। ছবিগুলো একটি লাইব্রেরিতে ধারণ করা হয়েছে; পেছনে সারি সারি বই দেখা যায়।
পোস্টের ক্যাপশনে অপু লিখেছেন, ‘ভবিষ্যত অনুমানের সবচেয়ে সেরা উপায় হলো ভবিষ্যতটা নিজেই তৈরি করে নেওয়া।’
অপুর এই ছবিতে ভক্তরা মুগ্ধতা প্রকাশ করেছেন। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ আবার অভিনেত্রীর সিনেমা ঘিরে নিজেদের স্মৃতির কথা জানিয়েছেন। একজন অনুসারী লাইব্রেরিতে শাড়ি পরে ফটোশুটের পরামর্শও দিয়েছেন।
অপু সম্প্রতি ‘শিকার’ সিনেমার শুটিং করেছেন। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির সিংহভাগ শুটিং কিছুদিন আগে নেপালে হয়েছে। তবে সিনেমাটির নায়ক মরতুজা পলাশ বর্তমানে কারাগারে থাকায় বাকি কাজ অনিশ্চিত হয়ে আছে। সিনেমাটিতে অপু ও পলাশের সঙ্গে আরও অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার, পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।

