Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরায় গাজী নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সাতক্ষীরায় গাজী নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে গাজী নজরুল ইসলামের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ জড়ো হতে থাকেন। পরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভে স্থানীয় নাগরিক নেতা আসাদুজ্জামান মিটু, আবুল কালাম মড়ল, রেজাউল ইসলাম, আসিসুর রহমান, নুরনগরের আবুল ইউসুফসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়া যাবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, গাজী নজরুল ইসলাম সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে ভোট নিয়েছেন। নির্বাচনী প্রতিশ্রুতি ও পরবর্তী কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে বলেও তারা দাবি করেন।

গাজী নজরুল ইসলামের বাড়ির পাশের বাসিন্দা ও সাবেক জামায়াত কর্মী শাহজাহান বলেন, জামায়াতের ঘোষিত বা বর্তমান কর্মীদের বিষয়গুলো নিয়ে সচেতন হওয়া দরকার। মানুষের সামনে বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি চারিত্রিক ও মানবিক দিক বিবেচনায় তা নিয়ে ভাবা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে বের করার দাবি জানান। মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তদন্তে তাদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিও করেন তারা।

এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে। পুলিশ গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram