Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর

একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম আজ রোববার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। গতকাল শনিবার রাতে প্রকাশিত চূড়ান্ত ফলে শিক্ষার্থীদের কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানানো হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা আজ থেকে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত কলেজে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করতে পারবে। আর আগামী ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে একাদশ শ্রেণির প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

চূড়ান্ত ফল দেখা যাবে একাদশ শ্রেণির ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এ। অনলাইন আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানিয়েছে, শনিবার রাতে চূড়ান্ত ফল প্রকাশের পর মনোনীত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র

ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার অনলাইন মার্কশিটের কপি, প্রবেশপত্র, দুই থেকে চার কপি সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি, অনলাইন আবেদন নিশ্চায়নের কপি এবং শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল ফোন নম্বর রাখতে হবে।

ভর্তি ফি

শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রতিষ্ঠানভেদে একাদশ শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন ফি ১ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এমপিও ও নন-এমপিও, বাংলা ও ইংরেজি ভার্সন এবং বিভাগীয় শহর ও মফস্বল এলাকার প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী ফি ভিন্ন হবে।

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সর্বোচ্চ ভর্তি ফি ৫ হাজার টাকা, ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন বা বিভাগীয় শহরে ৩ হাজার টাকা, জেলা পর্যায়ে ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকায় ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা ফি নেওয়া যাবে। জেলা সদর এবং উপজেলা ও মফস্বল এলাকার জন্যও বাংলা ও ইংরেজি ভার্সনভেদে পৃথক ফি নির্ধারণ করা হয়েছে।

কোটা ও ক্লাস শুরুর তারিখ

ভর্তি নীতিমালা অনুযায়ী, মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। এ কোটাপদ্ধতি শুধু ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।

প্রথম ধাপে ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছিল। এর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছে।

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর কথা থাকলেও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় তারিখ পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ক্লাস শুরুর তারিখ ২৪ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram