অনলাইন ডেস্ক: আর্জেন্টিনার ডাগআউটে লিওনেল স্কালোনিকে নিয়ে অনিশ্চয়তা বেশ আগে থেকেই ছিল। জাতীয় দলের হয়ে লিওনেল মেসির অবসর ঘোষণার পর সেই শঙ্কা আরও বেড়েছে। আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনি থাকবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। এর মধ্যেই আলবিসেলেস্তেদের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বর্তমানে মেক্সিকান ক্লাব টালুকার কোচ আন্তোনিও মোহামেদ।
আর্জেন্টাইন রেডিও ‘লা রেদ’-কে দেওয়া সাক্ষাৎকারে মোহামেদ বলেছেন, ফুটবলে দীর্ঘ সময় কাটানোর পর জাতীয় দলের দায়িত্ব নেওয়ার মতো অভিজ্ঞতা তার হয়েছে। ৫৬ বছর বয়সী এই কোচ জানান, ১৯৮৬ সালে ড্রেসিংরুমে তার অভিষেক হয় এবং ফুটবলে ৪০ বছর থাকার মধ্যে ২০ বছরের বেশি সময় কোচিংয়ে কাটিয়েছেন। জাতীয় দলকে নিজের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।
২০০৩ সালে মেক্সিকোর ক্লাব জাকাতেপেক দিয়ে মোহামেদের কোচিং ক্যারিয়ার শুরু হয়। এরপর মেক্সিকো, আর্জেন্টিনা, স্পেন ও ব্রাজিলের বিভিন্ন ক্লাবে কাজ করেছেন তিনি। আর্জেন্টিনায় হুরাকানকে ২০০৭ সালে প্রথম বিভাগে তোলার পাশাপাশি কোলোন ও ইন্ডিপেন্ডিয়েন্তের দায়িত্বও পালন করেন। ইন্ডিপেন্ডিয়েন্তের হয়ে ২০১০ সালে কোপা সুদামেরিকানা জেতেন মোহামেদ।
সেল্তা ভিগো, আতলেতিকো মিনেইরো, আমেরিকা, মোন্তেরে, পুমাছ ও টালুকার মতো ক্লাবেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। ক্যারিয়ারে তিনি ১৪টি শিরোপা জিতেছেন। এর মধ্যে মেক্সিকান চ্যাম্পিয়নশিপ, ব্রাজিলিয়ান সুপার কাপ, কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ ও লিগস কাপ রয়েছে।
২০১৪ সালের শেষ দিকে টালুকায় যোগ দেওয়ার পর দেড় বছরের মধ্যে ছয়টি ট্রফি জিতে ক্লাবটির ইতিহাসের সবচেয়ে সফল কোচ হন মোহামেদ। ২০১৬ সালের লিগস কাপে মোন্তেরেকে হারিয়ে পাওয়া শিরোপাটি তার সর্বশেষ ট্রফি।
কোচিংয়ে আসার আগে মোহামেদ পেশাদার ফরোয়ার্ড হিসেবে খেলেছেন। ১৯৮৬ সালে মেক্সিকান ক্লাবের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা এই ফুটবলার হুরাকান, বোকা জুনিয়র্স, ইন্ডিপেন্ডিয়েন্তে, তোরোস নেজা ও মনতেরের হয়ে খেলেছেন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। ১৯৯১ সালের কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা স্কোয়াডের সদস্যও ছিলেন মোহামেদ।

