Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

মেসির রেকর্ড ভাঙলেন রাফিনিয়া, বার্সেলোনার ইতিহাস

মেসির রেকর্ড ভাঙলেন রাফিনিয়া, বার্সেলোনার ইতিহাস

অনলাইন ডেস্ক: উড়ছেন রাফিনিয়া-ইয়ামাল, উড়ছে বার্সেলোনাও। লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো প্রথম ছয় ম্যাচে ২৮ গোল করেছে। লিগের ইতিহাসে তাদের চেয়ে বেশি গোলের রেকর্ড আছে শুধু ১৯৪০-৪১ মৌসুমে প্রথম ছয় ম্যাচে ৩২ গোল করা সেভিয়ার। তবে বার্সেলোনা ছয় ম্যাচেই জয় পেয়েছে। এর মধ্যে রাফিনিয়া ভেঙেছেন বার্সেলোনা কিংবদন্তি লিওনেল মেসির রেকর্ড।

বুধবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রেসিং স্যান্টান্ডারকে ৭-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। হ্যাটট্রিক করে দলকে নেতৃত্ব দেন রাফিনিয়া। জোয়াও ক্যান্সেলো, গ্যাব্রিয়েল জেসুস ও লামিনে ইয়ামাল একটি করে গোল করেন।

মেসিকে ছাড়িয়ে রাফিনিয়া

সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের প্রথম সাত ম্যাচে রাফিনিয়া করেছেন ১১ গোল। ২০১২-১৩ মৌসুমে বার্সেলোনার হয়ে প্রথম সাত ম্যাচে মেসির গোল ছিল ১০টি। সব মিলিয়ে রাফিনিয়ার অবদান ১৪ গোলে—১১ গোল ও ৩ অ্যাসিস্ট।

মেসি ২০১৭-১৮ মৌসুমে লা লিগার প্রথম ছয় ম্যাচে ৯ গোল করেছিলেন। রাফিনিয়াও সমানসংখ্যক ম্যাচে ৯ গোল করেছেন। লামিনে ইয়ামালের সঙ্গে তার জুটির গোলসংখ্যা ১৬, যা ৮৬ বছরে স্পেনে কোনো আক্রমণ জুটির সর্বোচ্চ। এর আগে ১৯৪০-৪১ মৌসুমে সেভিয়ার ক্যাম্পানাল ও তোরেনতেগুই জুটি ছয় ম্যাচে ১৯ গোল করেছিল।

বার্সেলোনার গোলের রেকর্ড

লা লিগায় ছয় ম্যাচের সবকটিতে জিতে বার্সেলোনার পয়েন্ট ১৮। টেবিলের দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তারা তিন পয়েন্টে এগিয়ে। রাফিনিয়া ও ইয়ামাল ছাড়াও চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে আরও ছয়জন গোল করেছেন।

লা লিগার ছয় ম্যাচে বার্সেলোনার গোল ২৮টি, যা ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ। চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচসহ সাত ম্যাচে দলটি করেছে ৩৩ গোল এবং টানা পাঁচ ম্যাচে অন্তত পাঁচটি করে গোল পেয়েছে। ‘মিস্টারচিপ’-এর তথ্য অনুযায়ী, মৌসুমের শুরুতে টানা সাত জয় ও অন্তত ৩৩ গোলের এমন কীর্তি বার্সেলোনার ছিল না ১১১ বছর ধরে। স্প্যানিশ লিগের ইতিহাসে প্রথম ছয় ম্যাচে শতভাগ জয় ও অন্তত ২৮ গোলের নজিরও আর কোনো দলের নেই।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram