অনলাইন ডেস্ক: রাস্তার ওপর পলিথিন দিয়ে বানানো ছোট্ট টং ঘরে এক পাশে বাঁধা গরু-ছাগল, অন্য পাশে একটি চৌকি। পরিবারের সবার ঘুম হয় সেই চৌকিতেই। পাশে খোলা আকাশের নিচে মাটির চুলায় রান্না। চারপাশে থইথই পানি। প্রায় তিন মাস ধরে জলাবদ্ধতায় ভুগছেন যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার বাসিন্দারা।
ভবদহ অঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘরবাড়ি ডুবে যাওয়ায় অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামের কয়েকটি পরিবার রাস্তার ওপর দিন কাটাচ্ছে। সড়কে পানি ওঠায় নৌকাই তাদের চলাচলের একমাত্র ভরসা। স্থানীয়দের হিসাবে, তিন উপজেলার প্রায় দুই লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জলাবদ্ধতার শিকার হয়েছেন।
দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘরবাড়িতে পানি ওঠায় অনেক পরিবার বসতভিটা ছেড়ে রাস্তা ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। সেখানে গবাদিপশু, হাঁস-মুরগি নিয়ে কোনোভাবে দিন কাটাচ্ছেন তারা। অনেক পরিবারের রান্না ও খাবারের ব্যবস্থাও সীমিত হয়ে এসেছে। পানি বাড়ায় সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে; কোথাও কোথাও নৌকাই মানুষের একমাত্র চলাচলের মাধ্যম।
ডুমুরতলা গ্রামের শিব পদ বিশ্বাস বলেন, তারা সাপ-ব্যাঙের সঙ্গে বসবাস করতে বাধ্য হচ্ছেন। সরকার ও প্রশাসনের কারণে তাদের এমন অবস্থায় থাকতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা জানান, জলাবদ্ধতা নিরসনের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। তাদের আহ্বায়ক রণজীত বাওয়ালীও দীর্ঘ আন্দোলনের পর মারা গেছেন। তবে ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান দেখে যেতে পারেননি তিনি। নেতাদের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে কৃষক-শ্রমিকদের নিয়ে আবারও রাজপথে অবস্থান কর্মসূচি দেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ, পাকিস্তান আমলে ভবানীপুর গ্রামের ভবদহ এলাকায় শ্রী নদীর ওপর নির্মিত ২১ ভেন্ট, ৯ ভেন্ট ও ৬ ভেন্টের স্লুইসগেট ব্যবস্থাই সময়ের ব্যবধানে দীর্ঘস্থায়ী দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ চললেও জলাবদ্ধতা থেকে মুক্তি মেলেনি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, প্রকল্পের ৭৩ শতাংশ কাজ শেষ হয়েছে। পানি নিষ্কাশনে যেখানে বাধা সৃষ্টি হচ্ছে, সেখানেই কাজ করা হচ্ছে। নদী খননের কাজ পুরোপুরি শেষ হলে আগামী পাঁচ থেকে সাত বছর জলাবদ্ধতা থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
ভবদহের পানি নিষ্কাশনের অন্যতম পথ আমডাঙ্গা খাল সংস্কারে প্রায় ৪৯ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে পৃথক প্রকল্প নেওয়া হয়েছে। ঠিকাদার নিয়োগের প্রায় দুই বছর পার হলেও কাজ শুরু হয়নি। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, জেলা প্রশাসন জমি অধিগ্রহণ করে না দেওয়ায় ঠিকাদার কাজ শুরু করতে পারছেন না।
স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ, আমডাঙ্গা খাল সংস্কারসহ পানি নিষ্কাশনের অবকাঠামোগত কাজ দ্রুত শুরু না হওয়ায় ভবদহের জলাবদ্ধতা দীর্ঘায়িত হচ্ছে। প্রকল্প ও অর্থ বরাদ্দের পরও পানি না কমায় স্থায়ী মুক্তি কবে মিলবে—এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তাদের মনে।

