অনলাইন ডেস্ক: ২ হাজার ২০০ মার্কিন ডলারের স্মার্ট চশমা ‘স্পেকস’ নিয়ে আবারও আলোচনায় এসেছে স্ন্যাপ। চলতি বছরের শুরুতে চশমাটি উন্মোচনের পর এর দাম ও নকশা নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা হয়। এবার চশমাটিকে আরও কার্যকর করে তুলতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিনোদন ও ব্যবসায়িক ব্যবহারের নানা সুবিধা যুক্ত করার ঘোষণা দিয়েছে স্ন্যাপ।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এক অনুষ্ঠানে স্ন্যাপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইভান স্পিগেল এসব সুবিধা তুলে ধরেন। কোম্পানিটি স্পেকসকে শুধু স্মার্ট চশমা হিসেবে নয়, দৈনন্দিন ডিজিটাল কাজের অংশ হিসেবেও ব্যবহারযোগ্য করতে চায়।
এআই সুবিধা
নতুন সুবিধাগুলোর মধ্যে রয়েছে ‘স্পেকস ইন্টেলিজেন্স’। স্ন্যাপের ভাষায়, এটি একটি ‘অ্যান্টিসিপেটরি এআই’ ব্যবস্থা, যা ব্যবহারকারীর বিভিন্ন ডিভাইস ও অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে। আইফোন, ম্যাক এবং অনুমোদিত অ্যাপ ও টুল থেকে তথ্য নিয়ে ব্যবহারকারীর কাজ, অগ্রাধিকার, সম্পর্ক ও দৈনন্দিন অভ্যাস সম্পর্কে ধারণা তৈরির দাবি করেছে কোম্পানিটি।
ইভান স্পিগেল এটিকে ‘এআই নেটিভ অপারেটিং সিস্টেম’ হিসেবে বর্ণনা করেছেন। তার দাবি, এটি বিভিন্ন কাজ ও তথ্যের মধ্যে সম্পর্ক তৈরি করে ব্যবহারকারীকে প্রয়োজনীয় কাজে মনোযোগ দিতে সহায়তা করবে।
বিনোদন ও ব্যবসায়িক ব্যবহার
স্পেকসের সঙ্গে এখন এইচবিও ম্যাক্স ও স্পটিফাই যুক্ত করা যাবে। এর মাধ্যমে চশমায় ভিডিও ও সংগীতের মতো বিনোদনমূলক কনটেন্ট ব্যবহারের সুযোগ তৈরি হবে।
ব্যবসায়িক ব্যবহার বাড়াতে ‘স্পেকস ফর এন্টারপ্রাইজ’ কর্মসূচি চালু করেছে স্ন্যাপ। এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের ব্যবস্থার সঙ্গে চশমাটি যুক্ত করা যাবে। এ উদ্যোগে অ্যামাজন, সেলসফোর্স ও এনভিডিয়ার সঙ্গে অংশীদারত্বের কথা জানিয়েছে কোম্পানিটি।
স্ন্যাপের একটি প্রদর্শনীতে প্রযুক্তি সহায়তাকর্মীকে যন্ত্রপাতি মেরামতের সময় স্পেকস ব্যবহার করতে দেখা গেছে। কর্মীদের জন্য মোবাইল ডিভাইস ব্যবস্থাপনা, নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং দলগুলোর মধ্যে ডিভাইস ব্যবস্থাপনার সুবিধা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে স্ন্যাপ।
খেলাধুলা ও সংযোগ সুবিধা
এনবিএ ও ডব্লিউএনবিএর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে তৈরি এআর অ্যাপ ব্যবহার করে বাস্কেটবল অনুশীলন ও শট উন্নত করার সুবিধা থাকবে। এআর প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর খেলার অভিজ্ঞতা বিশ্লেষণ ও উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
ওয়াই-ফাই ছাড়া স্পেকস ব্যবহারের জন্য বিল্ট-ইন সেলুলার সংযোগসহ একটি চার্জিং কেসের প্যাকেজও ঘোষণা করেছে স্ন্যাপ। ভেরাইজনের সঙ্গে অংশীদারত্বের এই সুবিধার জন্য ভেরাইজন গ্রাহকদের মাসে ১০ ডলার এবং অন্য গ্রাহকদের মাসে ২০ ডলার দিতে হবে।
স্পেকসের দাম ২ হাজার ২০০ ডলার হওয়ায় সাধারণ ব্যবহারকারীদের মধ্যে এটি কতটা গ্রহণযোগ্য হবে, তা এখনো স্পষ্ট নয়। স্ন্যাপ জানিয়েছে, আগামী অক্টোবরে লস অ্যাঞ্জেলেসে স্পেকসের অস্থায়ী প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র চালু হবে। এরপর শরৎকালের শেষদিকে চশমাটি বাজারে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

