অনলাইন ডেস্ক: শ্রীলঙ্কা যেন হ্যারি ব্রুকের জন্য পয়মন্ত। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিশ্বকাপে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে সুপার এইটে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের ব্যাটার। গতকাল করলেন আরেকটি শতক, এবার শ্রীলঙ্কার বিপক্ষে।
মাত্র ৪২ বলে ৮ চার ও ৬ ছক্কায় সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন ব্রুক। আইসিসির পূর্ণ সদস্য দেশের প্রথম অধিনায়ক হিসেবে এক বছরের মধ্যে দুটি সেঞ্চুরির রেকর্ড হয়েছে তার। মঙ্গলবার ক্যারিয়ারসেরা ইনিংস খেলে থামেন ইংল্যান্ডের এই ব্যাটার। ৪৯ বলে করেন ১১৪ রান।
পূর্ণ সদস্য দেশের হয়ে তিনটি আন্তর্জাতিক ফরম্যাটে এক পঞ্জিকাবর্ষে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির অভিজাত তালিকায় শীর্ষে উঠেছেন ব্রুক। ২০০৬ সালে অধিনায়ক হিসেবে টেস্টে সাতটি সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন রিকি পন্টিং। বিরাট কোহলি ২০১৭ ও ২০১৮ সালে অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ছয়টি করে সেঞ্চুরি করেছিলেন। ২০২৬ সালে টি-টোয়েন্টিতে সেই তালিকার শীর্ষস্থান দখল করলেন ব্রুক।
অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির আরেকটি অনন্য তালিকাতেও নাম লিখিয়েছেন তিনি। তার দুটি সেঞ্চুরি এসেছে ২৩ ইনিংসে। রোহিত শর্মা ও বাবর আজম যথাক্রমে ৬২ ও ৭৮ ইনিংস খেলে তিনটি করে সেঞ্চুরি করেছেন।
ব্রুকের অনবদ্য ইনিংসে ইংল্যান্ড ৪ উইকেটে ২৫৪ রান করে। পরে শ্রীলঙ্কাকে ১৩৫ রানে অলআউট করে ১১৯ রানের বড় জয় পায় স্বাগতিকরা।

