অনলাইন ডেস্ক: জিম্বাবুয়ে সিরিজ চলাকালে পায়ের ইনজুরিতে পড়েছিলেন নাহিদ রানা। সেই চোটে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা এই পেসার অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজেও খেলতে পারেননি। চিকিৎসকের পরামর্শ নিতে অস্ট্রেলিয়ায় গেলেও বর্তমানে দেশে তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে।
প্রায় দেড় মাস পর কয়েক দিন আগে বল হাতে অনুশীলন শুরু করেছেন নাহিদ। দীর্ঘ ইনজুরির পর ছোট রান-আপে বোলিং করছেন তিনি। পুনর্বাসন প্রক্রিয়া চলায় এখনই তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। বিসিবিও সতর্কতার সঙ্গে তাকে নিয়ে এগোচ্ছে।
আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে নাহিদ রানা থাকছেন না, তা আগেই জানা গিয়েছিল। ওই টেস্টের পর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা রয়েছে। বিসিবি সূত্রের বরাতে জানা গেছে, সেই সিরিজেও তাকে বিশ্রামে রাখা হতে পারে।
আপাতত দেশেই থাকবেন এই পেসার। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। তবে দুই ম্যাচের সিরিজের একটিতে খেলতে পারেন তিনি। দক্ষিণ আফ্রিকা সিরিজে নাহিদকে পুরোপুরি ফিট অবস্থায় দলে চায় বিসিবি।

