Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

জনবল সংকটে ধুঁকছে রাজবাড়ীর সরকারি মুরগি খামার, হ্যাচারি বন্ধ ২৯ বছর

জনবল সংকটে ধুঁকছে রাজবাড়ীর সরকারি মুরগি খামার, হ্যাচারি বন্ধ ২৯ বছর

অনলাইন ডেস্ক: রাজবাড়ীর একমাত্র সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারটি ২৯ বছর ধরে হ্যাচারি কার্যক্রম বন্ধ রেখে এখন অনেকটা খুঁড়িয়ে চলছে। দীর্ঘদিনের সংস্কারহীনতায় জরাজীর্ণ হয়ে পড়েছে খামারের ভবন, শেড ও বিভিন্ন অবকাঠামো। তার ওপর ১৪টি পদের বিপরীতে কর্মরত মাত্র চারজন।

২০১৪ সাল থেকে ব্যবস্থাপকের পদটি শূন্য থাকায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন পোলট্রি ডেভেলপমেন্ট অফিসার মো. মেহেদী হাসান। জনবল সংকটে নিয়মিত কার্যক্রম, বাচ্চা লালন-পালন ও খামারিদের সেবা দিতে কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে। তবে সীমাবদ্ধতার মধ্যেও একদিনের বাচ্চা এনে লালন-পালন করে বিক্রি কার্যক্রম চালু রেখেছে প্রতিষ্ঠানটি।

রাজবাড়ী শহরের নতুন বাজার বাসস্ট্যান্ড এলাকার ভবানীপুর গ্রামে প্রায় ২ দশমিক ৮৮ একর জমির ওপর ১৯৮১-৮২ সালে খামারটি প্রতিষ্ঠিত হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ অধিদপ্তর এটি পরিচালনা করে। সরকারি হাঁস-মুরগির খামার হিসেবে হ্যাচারি কার্যক্রমসহ যাত্রা শুরু হলেও ১৯৯৭ সালে হ্যাচারি বন্ধ হয়ে যায়। পরে নাম পরিবর্তন করে সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার করা হলেও বর্তমানে এখানে মুরগি প্রজনন হচ্ছে না।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে ২০ হাজার বাচ্চা লালন-পালন ও বিক্রির লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ১৮ হাজার ৭০টি বিক্রি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ২০ হাজার ১৫০টি বাচ্চা বিক্রি করে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করা হয়। এর আগের অর্থবছরে বিক্রি হয়েছিল ১৪ হাজার ২০০টি বাচ্চা।

খামারে বাচ্চা পালনের জন্য চারটি শেড থাকলেও একটি দীর্ঘদিন ধরে বন্ধ। চার ডোজ টিকা দেওয়া এক মাস বয়সী বাচ্চা ৮০ টাকা এবং ৪২ দিন বয়সী বাচ্চা ১০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। ব্যবস্থাপকের বাসভবন, কর্মচারীদের আবাসিক ভবন ও বিক্রয়কেন্দ্র পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পানির পাম্প, জেনারেটর, গাড়িসহ বিভিন্ন সরঞ্জামও অব্যবহারে নষ্ট হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

খামারের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. মেহেদী হাসান বলেন, ১৪টি পদের বিপরীতে চারজন কর্মরত থাকায় কাঙ্ক্ষিত সেবা দিতে সমস্যা হচ্ছে। শূন্য পদে জনবল নিয়োগ ও জরাজীর্ণ শেড-আবাসিক ভবন সংস্কার করা হলে উৎপাদন ও সেবার মান বাড়ানো সম্ভব হবে।

রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, প্রতিষ্ঠার পর খামারটির বড় ধরনের সংস্কার হয়নি। তাঁর মতে, আধুনিক প্রজনন খামার বা হ্যাচারিতে রূপান্তর করা গেলে ডিম থেকে বাচ্চা উৎপাদন বাড়ানো সম্ভব হবে। তিনি জানান, খামারের উন্নয়নে প্রস্তাব পাঠানোর জন্য সংস্কৃতি প্রতিমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram