Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে গাফিলতি ছিল কি না তদন্তের দাবি জামায়াতের

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে গাফিলতি ছিল কি না তদন্তের দাবি জামায়াতের

অনলাইন ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পেছনে কোনো গাফিলতি বা ত্রুটি ছিল কি না, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত দুজনের মৃত্যু এবং আরও ২০ জন গুরুতর আহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক।

তিনি নিহতদের জন্য দোয়া এবং আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে অগ্নিকাণ্ডের পেছনে কোনো গাফিলতি বা ত্রুটি ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের যথাযথ চিকিৎসা এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram