অনলাইন ডেস্ক: সামাজিক মাধ্যমে ছড়ানো একটি ছবি ঘিরে বর্ষীয়ান অভিনেতা মামুনুর রশীদ ও অভিনেত্রী প্রিসিলা ডি কস্তাকে নিয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছে। ছবিতে সুইমিং পুলের পানিতে পা ডুবিয়ে থাকা মামুনুর রশীদ ও তাঁর হাঁটুর ওপর হাত রেখে ক্যামেরায় পোজ দেওয়া প্রিসিলাকে দেখে তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে; পরে প্রিসিলা বলেন, ‘আমরা হ্যাপিলি ম্যারিড’। তবে নির্মাতাসূত্রে জানা গেছে, এটি ‘আমরা ভাইরাল’ ধারাবাহিকের প্রচারণামূলক স্ট্যান্টবাজি।
সম্পর্কের ঘোষণার আড়ালে থাকা এই প্রচারণা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হয়েছে। নাটকের বিষয় যেখানে ভাইরাল সংস্কৃতির নেতিবাচক দিক, সেখানে প্রচারের জন্য বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন অনেকে। মামুনুর রশীদের ব্যক্তিগত জীবনকে বিষয়টির সঙ্গে যুক্ত করা নিয়েও প্রশ্ন ও হতাশা প্রকাশ করেছেন নেটিজেনরা।
নির্মাতাসূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব ও এর নেতিবাচক দিককে কেন্দ্র করে ৫২ পর্বের ধারাবাহিকটি নির্মিত হয়েছে। আল আমিন স্বপনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। গল্পে মামুনুর রশীদ প্রিসিলার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। অনলাইনে ভাইরাল হওয়ার নেশায় কনটেন্ট তৈরি করতে গিয়ে তাঁদের জীবনে একের পর এক ঘটনা ঘটে।
পরিচালক সাজিন আহমেদ বাবু বলেন, ভাইরাল হওয়ার জন্য মানুষের নিচে নামা এবং এর নেতিবাচক সামাজিক প্রভাব হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ইতিবাচক প্রভাব তৈরি করা ব্যক্তিদের অবদানও নাটকে দেখানো হয়েছে বলে জানান তিনি।
ধারাবাহিকটিতে মামুনুর রশীদ ও প্রিসিলা ডি কস্তা ছাড়াও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, সুজাত শিমুল, মারুফ মিঠু, ফারজানা চুমকি, নাজনীন হাসান চুমকী, মৌসুমী হামিদ, আশরাফুল আলম সোহাগ, শাহজাদ ওমর, পারভেজ সুমন, সেমন্তি, দিলরুবা তুষি, খায়রুল টিটু ও আহসান কবিরসহ অন্যরা।
আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে বাংলাভিশনে প্রচার শুরু হবে ‘আমরা ভাইরাল’-এর। প্রতি বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটে ধারাবাহিকটি প্রচারিত হবে।

