অনলাইন ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
প্রশাসনের যাচাইয়ে মৃতদের তালিকায় থাকা একজনকে জীবিত পাওয়া গেছে। তালিকায় থাকা আরও দুজন স্বাভাবিক কারণে মারা গেছেন বলে তাদের পরিবার নিশ্চিত করেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান বিভাগীয় কমিশনার।
তিনি জানান, প্রকাশিত মৃত্যুর তালিকায় থাকা একজন জীবিত আছেন। আরও দুজনকে হাসপাতালে আনার সময়ই তাদের মৃত্যু হয়েছিল বলে পরিবার জানিয়েছে। অন্য দুজনের মৃত্যুর সঠিক কারণ চিকিৎসকেরা প্রশাসনকে স্পষ্ট করে জানাতে পারেননি।
বিভাগীয় কমিশনার বলেন, অগ্নিকাণ্ডের পর হুড়োহুড়ি ও আতঙ্কে কয়েকজন আহত হলেও পদদলিত হয়ে কেউ মারা যাননি। তিনি জানান, এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে এবং ফায়ার সার্ভিসও পদদলিত হয়ে কারও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।
এর আগে মৃত্যুর খবর যাচাই করতে বিভিন্ন তালিকা, হাসপাতালের রেকর্ড ও মর্গের তথ্য যাচাইয়ের কথা জানিয়েছিল স্থানীয় প্রশাসন।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নিচে নামার সময় হুড়োহুড়িতে কয়েকজন আহত হন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে লিফটে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অতিরিক্ত তাপ সৃষ্টি হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে তদন্ত শেষে আগুনের সঠিক কারণ জানা যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

