Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

একসঙ্গে ওঠাবসা, হাসিঠাট্টা-খাওয়া; ট্রফি নেওয়ার বেলায় নাকভি কেন ‘অশুচি’

একসঙ্গে ওঠাবসা, হাসিঠাট্টা-খাওয়া; ট্রফি নেওয়ার বেলায় নাকভি কেন ‘অশুচি’

অনলাইন ডেস্ক: ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্ব নতুন কিছু নয়। যুগ যুগ ধরে চলে আসছে তাদের শত্রুতা। কিন্তু পহেলগাঁওয়ে পর্যটকদের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর সেই বৈরিতার আগুন আরও তীব্র হয়ে ওঠে। ২৬ জন পর্যটককে হত্যার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে ভারত অপারেশন সিঁদুর চালায়।

দুই দেশের সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে ক্রিকেটেও। দ্বিপাক্ষিক সিরিজ না হলেও আইসিসি ও এশিয়ান কাপের মতো প্রতিযোগিতায় নিয়মিত মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুরের কয়েক মাস পর অনুষ্ঠিত মহাদেশীয় প্রতিযোগিতায় দুই দেশের বৈরিতা আরও স্পষ্ট হয়ে ওঠে।

গত বছরের এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল দুই দল। টসের পর পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ফাইনালের পর পুরস্কার বিতরণী মঞ্চে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। নাকভি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তিনি ট্রফি নিয়ে মাঠ ছাড়েন। ট্রফিটি এখনো দুবাইয়ের এসিসি দপ্তরে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরপর ভারতের নারী দল এশিয়া কাপ জিতলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনের দাবি, ভারত চ্যাম্পিয়ন হলে নাকভির উপস্থিতিতে ট্রফি গ্রহণ করবে না—এ কথা বিসিসিআই আগেই এসিসিকে জানিয়েছিল। ভারতীয় দল এসিসির ডেপুটি চেয়ারম্যান খালিদ আল জারুনির কাছ থেকে ট্রফি নিতে প্রস্তুত ছিল। কিন্তু নাকভি সেই প্রস্তাব নাকচ করলে বিসিসিআই আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে।

বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া বলেন, বোর্ড আশা করেছিল অন্য কোনো কর্মকর্তার মাধ্যমে ট্রফি তুলে দেওয়া হবে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে সাইকিয়াকে উদ্ধৃত করে বলা হয়, পুরুষদের এশিয়া কাপের ট্রফি এখনো হাতে না পাওয়ার ধারাবাহিকতায় তারা অনুষ্ঠানে অংশ নিতে চাননি। তিনি জানান, এসিসির ডেপুটি চেয়ারম্যানকে ট্রফি হস্তান্তরের অনুরোধ করা হলেও তা গ্রহণ করা হয়নি।

এদিকে, গ্যালারি থেকে নাকভির বিরুদ্ধে ‘ট্রফি চোর’ স্লোগান ওঠে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে ম্যাচ শেষে নাকভিকে হাসিমুখে মাঠ ছাড়তে দেখা যায়। আরও দেখা যায়, ফাইনালের পর বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া, সহসভাপতি রাজিব শুক্লা ও নাকভি ভিআইপি বক্সে একসঙ্গে সময় কাটাচ্ছেন। তারা একসঙ্গে বসে খেলা দেখেন, বৈঠক করেন এবং রাতের খাবারও একই টেবিলে খান।

এ কারণে দুই দেশের সমর্থকদের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে—সৌজন্য সাক্ষাৎ, একসঙ্গে খাওয়া ও সময় কাটানো সম্ভব হলেও ট্রফি গ্রহণের ক্ষেত্রে নাকভিকে কেন এড়িয়ে চলা হচ্ছে। বিষয়টি ভারত-পাকিস্তান ক্রিকেটে চলমান রাজনৈতিক দ্বন্দ্বের অসংগতির দিকটি সামনে এনেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram