Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৭ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে সাতজন নতুন করে ভর্তি হয়েছেন।

এ নিয়ে বিভাগজুড়ে বর্তমানে ৪৯৫ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৬ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬২ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩০ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২ জন চিকিৎসাধীন।

এ ছাড়া হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাতজন এবং বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে সিলেটের কানাইঘাটের ১০ বছরের একটি শিশু, হবিগঞ্জের বাহুবলের ১০ মাস বয়সী একটি শিশু, সুনামগঞ্জের তিন বছর তিন মাস বয়সী একটি শিশু এবং সিলেটের জকিগঞ্জের সাত মাস পাঁচ দিনের একটি শিশু রয়েছে।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৫৪ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জন মারা গেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram