Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বংশী নদীতে মিলল ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ

বংশী নদীতে মিলল ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ

অনলাইন ডেস্ক: ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা মধ্যবয়সী এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই নোয়াপাড়া খেলার মাঠসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা।

পুলিশ জানায়, সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির সময়ও নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, মরদেহের পরিচয় নিশ্চিত করতে আঙুলের ছাপ সংগ্রহ এবং প্রয়োজনীয় তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram