অনলাইন ডেস্ক: ভোরের সীমান্তে গুলির শব্দে একসঙ্গে বদলে গেল তিন বাংলাদেশি যুবকের জীবন। গুলিতে আহত তিনজনের একজন আর ফিরলেন না। আসাদুল হকের নিথর দেহ ফিরেছে নিজের মাটিতে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে বেঁচে যাওয়া মোস্তাকিম ও শ্রী উদার ঠাঁই হয়েছে ভারতের কারাগারে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দেরহাট সীমান্তে শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত আসাদুল হক (৩৮) উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে। আহত অপর দুই বাংলাদেশি হলেন উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম ও নারায়ণের ছেলে শ্রী উদা।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পতাকা বৈঠক ও আইনি প্রক্রিয়া শেষে আসাদুলের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আহত মোস্তাকিম ও শ্রী উদার বিরুদ্ধে ভারতে মামলা হয়েছে। আদালতের নির্দেশে তাদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রের বরাতে জানা গেছে, চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ৩৩৩ নম্বর পিলারের কাছে কয়েকজন বাংলাদেশি যুবক ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় ভারতের উত্তর দিনাজপুরের ৬৩ নম্বর চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের একটি টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে জানা গেছে। এতে আসাদুল, মোস্তাকিম ও শ্রী উদা আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাদের ভারতের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে আসাদুলকে মৃত ঘোষণা করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার আগেই আসাদুলের মৃত্যু হয়ে থাকতে পারে। তার মরদেহের ময়নাতদন্তের পর ভারতীয় পুলিশ তা বিএসএফের কাছে হস্তান্তর করে। অন্যদিকে চিকিৎসা দেওয়ার পর মোস্তাকিম ও শ্রী উদাকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫-এর ২১ ধারাসহ ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারায় মামলা করা হয়েছে।
আসাদুলের মরদেহ ফেরাতে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। রোববার দুপুরে চান্দেরহাট সীমান্তের শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে রাতে মরদেহটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
আসাদুলের স্বজনেরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন। মোস্তাকিম ও শ্রী উদার পরিবারের সদস্যরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।
৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন বলেন, নিহতের মরদেহ দেশে ফেরাতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের সঙ্গে যোগাযোগ ও আলোচনা করা হয়েছিল। প্রক্রিয়া শেষে রোববার রাত ১০টার দিকে মরদেহ ফেরত দেওয়া হয়।

