Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

অনলাইন ডেস্ক: পঞ্চগড় জেলা শহরে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর চারজনকে রংপুরে পাঠানো হয়েছে। রোববার রাত ১০টার দিকে শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া একটি মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। রাত ১২টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে.

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের সমর্থকেরা তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে মিছিল বের করেন। মিছিলটি এমআর কলেজ মোড়ে পৌঁছালে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে.

সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং শত শত যানবাহন আটকা পড়ে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। রাত ১২টার পর উভয় পক্ষ ঘটনাস্থল থেকে সরে যায়.

আহত ১৫ জন

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা হলেন রোকনুজ্জামান জাপান, আব্দুল বাতেন, শামীম, জীবন, সাফাত কবির, সাক্ষর, পাক্কু, ময়নুল, তপু, মিলন, সৌমিক, ফরহাদ, করিম আখতার, জিসান ও নুরনবী চৌধুরী। তারা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী বলে জানা গেছে.

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রেজওয়ানুল্লাহ বলেন, ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনকে রংপুরে রেফার করা হয়েছে। আহতদের অনেকে মাথায় আঘাত পেয়েছেন বলেও জানান তিনি.

নেতা-কর্মীদের দাবি, রোববার সকালে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল হয়। ওই ঘটনার জেরেই রাতে সংঘর্ষ হয়েছে বলে তারা জানিয়েছেন.

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে.

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram