Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় ১৯৪৮ সালের মুহাম্মদ আলী জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে মুহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিয়েছিলেন। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই বক্তব্যের প্রতিবাদ করেছিলেন বলে উল্লেখ করে ছাত্রদল। সংগঠনটির দাবি, সেই প্রতিবাদ পরবর্তী ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ভিত্তি গঠনে ভূমিকা রাখে।

ছাত্রদল বলেছে, বাংলার স্বাধিকার আন্দোলনের সূতিকাগার ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যের প্রতি অবমাননা।

বিজ্ঞপ্তিতে ডাকসুর বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের আবাসন সংকট, অধিকার ও শিক্ষার পরিবেশ নিয়ে ব্যর্থতার অভিযোগও করা হয়েছে। ছাত্রদলের দাবি, শিক্ষার্থীদের স্বার্থ উপেক্ষা করে পরিষদটিকে দলীয় ও আদর্শিক এজেন্ডা বাস্তবায়নের কাজে ব্যবহার করা হচ্ছে।

মধুর ক্যান্টিনের নাম পরিবর্তনের উদ্যোগ এবং সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের প্রসঙ্গ তুলে ছাত্রদল আরও অভিযোগ করেছে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মুক্তিকামী চেতনা ও ঐতিহ্য ক্ষুণ্ন করা হচ্ছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ছবিটি অবিলম্বে অপসারণ এবং ডাকসুকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর আদর্শচর্চার স্থান হিসেবে ব্যবহার বন্ধের দাবি জানিয়েছেন। ঐতিহাসিক স্মারক ও বিশ্ববিদ্যালয়ের চেতনা বিকৃতির অপপ্রয়াস প্রতিহত করার কথাও জানান তারা।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram