অনলাইন ডেস্ক: ২০২৬ ব্যালন ডি’অরের লড়াই আগের চেয়েও বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচনা দানা বাঁধছে।
মুভিস্টারের অনুষ্ঠান ‘ইউনিভার্সো ভালদানো’-তে দেওয়া ইয়ামালের সাক্ষাৎকার আগামী শুক্রবার প্রকাশ হওয়ার কথা। এর আগেই সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশিত হলে তা ভাইরাল হয়। সেখানে ব্যালন ডি’অর জয়ের জন্য নিজেকে যোগ্য মনে করার কথা জানান তিনি।
স্পোর্টে প্রকাশিত মন্তব্যে ইয়ামাল বলেন, ব্যালন ডি’অরের জন্য তিনি নিজেকেই সবচেয়ে যোগ্য মনে করছেন। তার মতে, কিলিয়ান এমবাপে ও তিনি—এই দুজন বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন।
কয়েকদিন আগে এমবাপেও নিজেকে ব্যালন ডি’অর জয়ের দাবিদার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, পুরস্কারটি ব্যক্তিগত হলেও ফুটবল দলীয় খেলা হওয়ায় দলের সাফল্যও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এ বছর ব্যালন ডি’অর জেতা তার অন্যতম স্বল্পমেয়াদি লক্ষ্য বলেও জানান তিনি।
আগামী ২৬ অক্টোবর লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে ব্যালন ডি’অরের ৭০তম আসর অনুষ্ঠিত হবে। প্রথম বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসকে সম্মান জানাতে এবার লন্ডনে আয়োজনটি করা হচ্ছে। এরই মধ্যে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
সাধারণত ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলের সাফল্যও ব্যালন ডি’অর জয়ের বিবেচনায় আসে। সেই দিক থেকে ইয়ামাল এমবাপের চেয়ে এগিয়ে থাকতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুজনই গোল করছেন; তবে বিশ্বকাপে এমবাপের ফ্রান্সকে হারিয়ে স্পেন ফাইনালে উঠেছিল এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল।

