অনলাইন ডেস্ক: ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে গিয়ে মেস্ত্রে শহরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের হাতে লাঞ্ছিত হন তিনি।
অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন বাঁধন। দেশে ফিরে তিনি জানান, হামলার পর ইতালিতে থাকা তার সিনেমার টিমের সদস্যরা একরকম তাকে বর্জন করেছেন বলে তার মনে হয়েছে।
বাঁধনের ভাষ্য অনুযায়ী, ভেনিস ফিল্ম ফেস্টিভালের পরিচালক, ইতালি সরকার, বাংলাদেশের সরকার এবং বাংলাদেশে ইতালির দূতাবাস তাকে সহায়তা করেছে। তবে উৎসবে নিজের সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা না পাওয়ার আক্ষেপ জানান তিনি।
অভিনেত্রী বলেন, তার টিম তাকে পরিত্যাগ করেছে এবং উৎসবের বাকি দিনগুলোতে তাদের সঙ্গে অংশ নিতে নিষেধ করা হয়েছিল। পরে টরন্টো ফিল্ম ফেস্টিভালে যাওয়ার ক্ষেত্রেও তাকে নিষেধ করা হয় বলে জানান বাঁধন। তবে সহ-অভিনেতা সুনেরাহ, জায়নিন ও জায়নিনের মা তাকে সহযোগিতা করেছেন বলে উল্লেখ করেন তিনি।
হামলার পর নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইতালিতে বাংলাদেশ দূতাবাস, ইতালি সরকার, দেশটির সাংস্কৃতিক মন্ত্রণালয়, আন্ডার সেক্রেটারি ও পুলিশ বিভাগকে ধন্যবাদ জানান বাঁধন। তার দাবি, ইতালিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২৪ ঘণ্টা নিরাপত্তা দিয়েছে। নিরাপত্তার কারণে ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক লিডোতে তার থাকার ব্যবস্থা করেছিলেন বলেও জানান তিনি।
দেশের মানুষ, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতাকর্মী এবং প্রবাসী বাঙালিদের সমর্থনের কথাও স্মরণ করেন বাঁধন। তার জন্য অপেক্ষা করা সবাইকে ধন্যবাদ জানান তিনি।
এর আগে মেস্ত্রে শহরে তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ৮ সেপ্টেম্বর ইতালিতে মামলা করেন বাঁধন। বিষয়টি জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই হামলাকে ‘গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা’ হিসেবে অভিহিত করেন।

