Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

নাটোরে নিখোঁজের ১৪ মাস পর যশোর থেকে শিশু উদ্ধার

নাটোরে নিখোঁজের ১৪ মাস পর যশোর থেকে শিশু উদ্ধার

অনলাইন ডেস্ক: নাটোরের বাগাতিপাড়া থেকে নিখোঁজ হওয়ার প্রায় ১৪ মাস পর ১২ বছর বয়সী এক শিশুকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটিকে অপহরণ ও ভারতে পাচারের অভিযোগে বন্ধন কুমার (২২) নামে এক যুবকসহ অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) শিশুটির নানি আছমা খাতুন বাগাতিপাড়া মডেল থানায় অভিযোগ করেন। অভিযুক্ত বন্ধন কুমার একই উপজেলার জামনগর মাঝিপাড়া গ্রামের পল্লী চিকিৎসক শ্রী সুনীলের ছেলে।

অভিযোগে বলা হয়েছে, শিশুটির মা ঢাকায় কাজ করায় সে জামনগর পশ্চিমপাড়ায় নানির বাড়িতে থেকে পড়াশোনা করত। গত বছরের জুনে বাড়ির পাশ থেকে নিখোঁজ হওয়ার পর তার সন্ধান না পেয়ে ২০২৫ সালের ১২ জুলাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।

চলতি বছরের ২৫ আগস্ট যশোরের মনিহার এলাকা থেকে এক ব্যক্তির মোবাইল ফোন ব্যবহার করে শিশুটি পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরে স্বজনরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকায় বাবা-মায়ের কাছে নিয়ে যান। এরপর শনিবার বিকেলে বাগাতিপাড়ায় এসে থানায় লিখিত অভিযোগ করা হয়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, নিখোঁজের দিন বন্ধন শিশুটিকে দেড় হাজার টাকা দিয়ে বাড়ির কাছে একটি আমবাগানে যেতে বলে। সেখানে গেলে সাদা একটি প্রাইভেটকারে থাকা কয়েকজন ব্যক্তি তাকে ফুসলিয়ে গাড়িতে তুলে নিয়ে যায় বলে শিশুটি পরিবারের সদস্যদের জানায়।

পরিবারের অভিযোগ, পরে তাকে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হয় এবং সেখানে একটি চক্র তাকে বিভিন্ন অবৈধ কাজে ব্যবহার করে। কয়েকবার পালানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর সুযোগ পেয়ে সে বাংলাদেশে ফিরে যশোরের মনিহার এলাকা থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে।

শিশুটির নানি আছমা খাতুনের অভিযোগ, নিখোঁজের পর বন্ধন তাকে তিনটি ভিন্ন রেলস্টেশনে শিশুটিকে দেখেছে বলে জানিয়েছিল। তবে অভিযুক্ত বন্ধন কুমার অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram