Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

লংমার্চের সুযোগ নিয়ে দেশ অস্থির করার প্রক্রিয়া শুরু হয়েছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

লংমার্চের সুযোগ নিয়ে দেশ অস্থির করার প্রক্রিয়া শুরু হয়েছে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

অনলাইন ডেস্ক: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, লংমার্চের সুযোগ নিয়ে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় মিছিল করছে এবং দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে। জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা এলাকায় তাহমিনা মোছলেহ উদ্দিন উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে শরীফুল আলম বলেন, জনগণ পাঁচ বছরের জন্য সরকারকে দায়িত্ব দিয়েছে। ছয় মাসের মাথায় লংমার্চের প্রয়োজন কেন—সে প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, সংকটের সময়ে লংমার্চে লাখো লিটার জ্বালানি তেল খরচ হয়েছে। উত্তরাধিকার সূত্রে তেল ও গ্যাসের সংকট তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার স্থায়ী সমাধানের চেষ্টা করছে।

প্রতিমন্ত্রী বলেন, লংমার্চের মাধ্যমে ছয় মাসের মধ্যে সরকারকে ক্ষমতা থেকে নামানোর চেষ্টা করা হচ্ছে। জনগণকে সাময়িক কষ্ট দেওয়া গেলেও বিভ্রান্ত করা যাবে না বলে মন্তব্য করেন তিনি। কাজের মাধ্যমে তারেক রহমানের সরকার জনগণের জন্য কী করছে, তা প্রমাণ হবে বলেও জানান শরীফুল আলম।

তিনি আরও বলেন, জনগণের ম্যান্ডেট ও সমর্থন নিয়ে সরকার ক্ষমতায় এসেছে। জনগণের চাহিদা পূরণে ব্যর্থ হলে আগামী দিনে জনগণই তার জবাব দেবে।

বিদ্যালয় ও সড়ক নির্মাণকাজ উদ্বোধন

বিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পৌরসভার কাছাকাছি হলেও গোছামারা এলাকার স্কুলটির দুরবস্থা বাইরে থেকে বোঝার উপায় নেই। জরাজীর্ণ ভবনের পাশাপাশি বিদ্যালয়টিতে খেলার মাঠও নেই।

নির্বাচনী ইশতেহার ও সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিত্তির ওপর একতলা ভবনটি নির্মাণ করা হবে।

পরে বেলা সাড়ে ১২টার দিকে এলজিইডির নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ভৈরব হাইওয়ে থানার পেছন থেকে স্টেডিয়াম মোড় পর্যন্ত সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেন তিনি।

দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদের সভাপতিত্বে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী। প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী ১৬২ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও একটি করে ফলজ-বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram