অনলাইন ডেস্ক: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নিরপেক্ষ তদন্ত করা হলে অন্তর্বর্তী সরকারের প্রত্যেক ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে অন্তত শতকোটি টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে গণঅধিকার পরিষদ, মহানগর দক্ষিণের কর্মিসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
নুরুল হক নুরের অভিযোগ, শুধু একজন নয়, অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টাদের সঠিক ও নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রত্যেকের বিরুদ্ধে অন্তত শত কোটি টাকার দুর্নীতির তথ্য পাওয়া যাবে।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর জাতীয় ঐক্য ধরে রেখে রাষ্ট্র পুনর্গঠনে যেভাবে কাজ করার কথা ছিল, তা সম্ভব হয়নি। এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ও ছাত্র উপদেষ্টাদের ভূমিকা দায়ী বলেও মন্তব্য করেন তিনি।
নুরুল হক নুর বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে দল-মতনির্বিশেষে সাধারণ মানুষের অভূতপূর্ব সমর্থন থাকলেও সেই ঐক্য ধরে রাখা যায়নি। তাঁর দাবি, গণমাধ্যমে সামনে আসা ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার করেছেন এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন।
বিপ্লবের আড়ালে তারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িয়েছেন এবং বিভিন্ন সুবিধাবাদী মহলের সঙ্গে আঁতাত করেছেন বলেও অভিযোগ করেন গণঅধিকার পরিষদের এই নেতা। তাঁর মতে, ছাত্র উপদেষ্টাদের কর্মকাণ্ডে তরুণদের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে সাধারণ মানুষের প্রত্যাশা বাধাগ্রস্ত হয়েছে।
বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়া প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, কেউ নির্দিষ্টভাবে দুর্নীতি বা অনিয়ম প্রমাণ করতে পারবে না। প্রমাণ হলে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথাও তিনি জানান।

