অনলাইন ডেস্ক: জমির নামজারি করার সময় এর বাস্তব শ্রেণি যাচাই করে তা সরকারি রেকর্ডে হালনাগাদ করার ব্যবস্থা ই-মিউটেশন সিস্টেমে যুক্ত করার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।
ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা, জমির সঠিক মূল্য নির্ধারণ এবং সরকারের রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরম্যান্স অনুবিভাগ থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়।
রেকর্ডে জমির শ্রেণি নিয়ে দীর্ঘদিনের সমস্যা
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, দেশের ভূমি ব্যবস্থাপনার অন্যতম বড় সমস্যা হলো জমির রেকর্ডীয় শ্রেণি সময়মতো হালনাগাদ না হওয়া। প্রাকৃতিক পরিবর্তন কিংবা মানুষের প্রয়োজনে জমির ব্যবহার ও শ্রেণি বদলে গেলেও অনেক ক্ষেত্রে সরকারি নথিতে তা সংশোধন করা হয় না।
এর ফলে ভূমি নিবন্ধনসহ বিভিন্ন কার্যক্রমে জমির প্রকৃত মূল্য নির্ধারণে জটিলতা তৈরি হয়। পাশাপাশি জমির প্রকৃত শ্রেণি অনুযায়ী রাজস্ব আদায় না হওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।
নামজারির সময়ই যাচাই হবে
ভূমি মন্ত্রণালয় বলছে, বর্তমানে নিয়মিতভাবে জমির শ্রেণি পরিবর্তন এবং পরিবর্তিত শ্রেণি রেকর্ডে অন্তর্ভুক্ত করার কার্যকর ব্যবস্থা নেই। বিদ্যমান ই-মিউটেশন সফটওয়্যারেও নামজারির সময় জমির রেকর্ডীয় শ্রেণি সংশোধন বা হালনাগাদের সুযোগ রাখা হয়নি।
নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যক্তি জমি নামজারির আবেদন করলে তা অনুমোদনের সময় সংশ্লিষ্ট জমির বাস্তব শ্রেণি যাচাই করতে হবে। এরপর যাচাইয়ে পাওয়া শ্রেণিকে নামজারি খতিয়ানে রেকর্ডীয় শ্রেণি হিসেবে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা চালু করতে হবে।
ভূমি উন্নয়ন কর আদায়েও আসবে গতি
মন্ত্রণালয়ের ধারণা, ই-মিউটেশন ব্যবস্থায় এই সুবিধা যুক্ত হলে জমির প্রকৃত ব্যবহার ও শ্রেণির তথ্য সরকারি রেকর্ডে আরও নির্ভুলভাবে সংরক্ষিত হবে। এতে জমির সঠিক মূল্য নির্ধারণ সহজ হওয়ার পাশাপাশি ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায়েও স্বচ্ছতা বাড়বে।
একই সঙ্গে জমির প্রকৃত শ্রেণি অনুযায়ী রাজস্ব আদায়ের সুযোগ তৈরি হওয়ায় সরকারের আয় বাড়বে বলে আশা করছে ভূমি মন্ত্রণালয়।
নির্দেশনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালককে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে জারি করা চিঠিতে স্বাক্ষর করেছেন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব সাদেকুর রহমান।

