সাভার প্রতিনিধি: ঢাকার সাভারে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন তাঁর ছেলে মো. আরিফ। এ সময় এসআইয়ের মালিকানাধীন একটি কারখানায়ও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাত ১১টার দিকে সাভারের আমিনবাজারের বরদেশি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল ব্র্যাঞ্চে কর্মরত ছিলেন।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম।
বৃদ্ধ চালককে মারধর, প্রতিবাদ করায় হামলা
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে নিজের কারখানার কাছে বাসায় ফেরার সময় কয়েকজন যুবককে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধর করতে দেখেন আলতাফ হোসেন। তিনি ঘটনাটির প্রতিবাদ করলে ওই যুবকেরা তাঁর ওপরও হামলা চালান।
পরিস্থিতি থেকে রক্ষা পেতে আলতাফ নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে দ্রুত তাঁর কারখানার ভেতরে চলে যান। অভিযোগ রয়েছে, এরপর হামলাকারীরা আরও ১৫ থেকে ২০ জনকে সঙ্গে নিয়ে কারখানায় হামলা চালায়।
তারা কারখানার ভেতরে ঢুকে বিভিন্ন মেশিন ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম ভাঙচুর করে। একপর্যায়ে আলতাফ হোসেন ও তাঁর ছেলে আরিফকে মারধর করে গুরুতর আহত করে হামলাকারীরা চলে যায়।
হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
পরে স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরিফ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ বলছে, জড়িতদের শনাক্তের চেষ্টা
সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, নিহত আলতাফ হোসেন ডিএমপির স্পেশাল ব্র্যাঞ্চে উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে তিনি বরদেশি এলাকায় ভাড়া থাকতেন। পাশাপাশি নিজের পাঁচ শতাংশ জমিতে টিনশেডের একটি কারখানায় মিনি গার্মেন্টস পরিচালনা করতেন।
তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

