রফিকুল হুদা বাবু: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। দুদক সূত্র জানায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, সরকারি কেনাকাটা ও প্রশাসনিক কার্যক্রমে সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিশেষ কমিটি গঠন করা হয়। চার সদস্যের কমিটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম।
অনুসন্ধানে আসিফ মাহমুদ ছাড়াও তৎকালীন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দাবি দুদক সূত্রের।
আসিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অর্থপাচার, মানিলন্ডারিং, বিদেশে অর্থপাচার ও বেআইনি উপায়ে বিটকয়েন লেনদেনের অভিযোগও অনুসন্ধানের আওতায় ছিল। পাশাপাশি চাঁদাবাজি, স্বজনপ্রীতি ও আঞ্চলিক প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়ার অভিযোগও যাচাই করা হয়েছে।
সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে ক্রিকেট বোর্ডের কার্যক্রম ও গঠনপ্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগও অনুসন্ধান করেছে দুদক। তাঁর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন বিষয়ে প্রভাব বিস্তারের অভিযোগও খতিয়ে দেখা হয়।
এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও সরকারি কেনাকাটায় একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে অনিয়ম এবং নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার অভিযোগও অনুসন্ধান করা হয়েছে।
তবে এখন পর্যন্ত অনুসন্ধানের পূর্ণাঙ্গ প্রতিবেদন বা অভিযোগের বিস্তারিত প্রকাশ করেনি দুদক। চারজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানানো হলেও তাঁদের বিরুদ্ধে পরবর্তী সময়ে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তথ্য সূত্র: চ্যানেল 24 ডেস্ক

