Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন
মিয়ানমার সীমান্তে মাদক-মুদ্রায় চোরাচালান

যাচ্ছে সিমেন্ট-খাদ্য-ওষুধ, আসছে ইয়াবা-আইস

মিয়ানমার সীমান্তে মাদক-মুদ্রায় চোরাচালান

স্টাফ রিপোর্টার: মিয়ানমারের রাখাইন রাজ্যে যুদ্ধের তীব্রতায় খাদ্য ও নির্মাণসামগ্রীর সংকট তৈরি হওয়ায় নতুন মাত্রা পেয়েছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের চোরাচালান। বাংলাদেশ থেকে সিমেন্ট, খাদ্য, ওষুধ, জ্বালানি ও অন্যান্য পণ্য পাচার হয়ে যাচ্ছে। বিনিময়ে দেশে ঢুকছে ইয়াবা, আইসসহ বিভিন্ন মাদক। কোথাও কোথাও নগদ টাকার পরিবর্তে মাদক দিয়েই পণ্যের মূল্য পরিশোধ করা হচ্ছে বলে সংশ্লিষ্টদের দাবি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপপরিচালক মাজহারুল ইসলাম জানান, যুদ্ধবিধ্বস্ত রাখাইনে পণ্যের সংকটকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক চোরাকারবারি চক্র ‘পণ্য বিনিময় পদ্ধতিতে’ ব্যবসা চালাচ্ছে। কোস্ট গার্ড, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মিয়ানমারমুখী বিপুল পরিমাণ সিমেন্ট, খাদ্যদ্রব্য ও ওষুধ জব্দ হয়েছে। এসব পণ্যের বিনিময়ে ইয়াবা ও আইস দেশে আনার চেষ্টা করছে পাচারকারীরা।

২০২৩ সালের নভেম্বর থেকে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাত তীব্র হলে রাখাইনের সরবরাহব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়। এতে বাংলাদেশ ও ভারতের পণ্যের ওপর নির্ভরতা বাড়ে। সেই সুযোগে বৈধ বাণিজ্যের পাশাপাশি সক্রিয় হয়ে ওঠে চোরাকারবারি চক্র।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সেন্টমার্টিনের কাছে দুটি নৌযান থেকে ১ হাজার ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করে কোস্ট গার্ড। কয়েক দিন পর একই এলাকায় আরও ১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট, রসুন, ছোলা, আলু ও ৭ হাজার ৮০টি এনার্জি ড্রিংকসহ ১৯ জনকে আটক করা হয়।

গত ২৯ জুলাই ভাসানচরসংলগ্ন গাংগুরিয়া চরে একটি কার্গো বোট থেকে ২৪ হাজার কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা ও ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল জব্দ করা হয়। এসব পণ্য রাখাইনের সিতওয়ে এলাকায় নেওয়ার কথা ছিল।

রাখাইনে নির্মাণসামগ্রীর সংকট ও মূল্যবৃদ্ধির কারণে সিমেন্ট এখন চোরাচালানের অন্যতম প্রধান পণ্য হয়ে উঠেছে। গত জুনে সেন্টমার্টিনের কাছে পাঁচটি মাছ ধরার নৌকা থেকে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ৫২ জনকে আটক করা হয়। এর আগে একই এলাকায় দুটি নৌযান থেকে আরও ১ হাজার ৭০০ বস্তা সিমেন্টসহ ২০ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৫০০ টাকা দামের এক বস্তা সিমেন্ট রাখাইনে প্রায় ১ লাখ কিয়াটে বিক্রি হয়। ফলে সীমান্তের ওপারে পণ্যের দামের বড় পার্থক্য চোরাচালানকারীদের ঝুঁকি নিতে উৎসাহিত করছে।

এদিকে স্থলসীমান্তে নজরদারি বাড়ায় চোরাকারবারিরা সমুদ্রপথকে নতুন রুট হিসেবে ব্যবহার করছে বলে জানিয়েছে বিজিবি। মহেশখালী, বাঁশখালী, কুতুবদিয়া, আনোয়ারা ও কুয়াকাটাসহ উপকূলীয় বিভিন্ন রুটে মাদক পাচারের প্রবণতা বাড়ছে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, অভিযানে মিয়ানমারমুখী বিপুল পরিমাণ বাংলাদেশি পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্য পাঠিয়ে বিনিময়ে মাদক আনার চেষ্টা করে পাচারকারীরা। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও আইসও জব্দ হয়েছে। তথ্য সূত্র: ইত্তেফাক

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram