Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

শিক্ষিকা রনজিনা পারভিন হত্যায় দুই সন্দেহভাজন গ্রেপ্তার

শিক্ষিকা রনজিনা পারভিন হত্যায় দুই সন্দেহভাজন গ্রেপ্তার

রফিকুল হুদা বাবু: রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকা রনজিনা পারভিন নিহত হওয়ার ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর বসিলায় র‍্যাব-২ সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) নয়মুল হাসান।

তিনি জানান, তেজগাঁও থানার পূর্ব তেজতুরি বাজার এলাকা থেকে মোশারফ হোসেন পনি ওরফে প্যারা পনি এবং তার সহযোগী সেড্রিককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ এবং এর মালিক রাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

র‍্যাব-২ অধিনায়ক বলেন, নিহত শিক্ষিকার স্বামী ও মামলার বাদী সন্দেহভাজনদের শনাক্ত করতে না পারলেও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করতে পেরেছেন।

র‍্যাবের তথ্য অনুযায়ী, প্যারা পনি একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসংক্রান্ত ১৩টি মামলা রয়েছে। র‍্যাবের ধারণা, প্যারা পনি ও সেড্রিকই মোটরসাইকেলে করে শিক্ষিকা রনজিনা পারভিনের ব্যাগ ছিনিয়ে নিয়েছিলেন।

মোটরসাইকেলের মালিক রাকিব র‍্যাবকে জানিয়েছেন, তার মোটরসাইকেলটি পনি নিয়ে গিয়েছিলেন। তবে ছিনতাইয়ের ঘটনায় রাকিবের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন র‍্যাব-২ এর অধিনায়ক।

এর আগে গত ২৯ আগস্ট ভোরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে রিকশায় যাওয়ার সময় শিক্ষিকা রনজিনা পারভিনের ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা। এতে তিনি রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল মতিন শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তে পুলিশও একজন সন্দেহভাজনকে আটক করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram