Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

গুলশান থেকে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

গুলশান থেকে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান এলাকা থেকে মো. সাইফ ইমরান (৩৭) নামে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সহকারী পরিচালক পরিচয় দেয়া ভুয়া এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় গুলশানের পাকিস্তান হাইকমিশনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির গুলশান থানা পুলিশ। গুলশান থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুর সোয়া ১২টার দিকে অভিযুক্ত সাইফ ইমরান গুলশানের পাকিস্তান হাইকমিশনের পাশে একটি মোটরসাইকেল পার্কিং করেন। তাকে ওই স্থানে পার্কিং করতে নিষেধ করা হলে তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে নিজেকে ডিজিএফআইয়ের সহকারী পরিচালক হিসেবে পরিচয় দেন এবং দাবি করেন ডিজিএফআইয়ের গাড়িগুলো সাধারণত সেখানেই পার্কিং করা থাকে।

পরবর্তীতে একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি পুনরায় একই স্থানে মোটরসাইকেল পার্কিং করলে পুলিশ সদস্যদের সন্দেহ হয়। ওই সময় তার পরিচয় নিয়ে বিশদ জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে স্বীকার করেন যে, তিনি ডিজিএফআইয়ের কোনো কর্মকর্তা বা সদস্য নন। পরে ভুয়া পরিচয় দিয়ে আসল পরিচয় গোপন করার অভিযোগে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশ। এরপর এ ঘটনায় সাইফ ইমরানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে গুলশান থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram