স্টাফ রিপোর্টার: সৌদি আরবে মাসে আড়াই হাজার রিয়াল বেতনে ড্রাইভিং ভিসায় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগ, চক্রটি ড্রাইভিং ভিসার কথা বলে বিদেশগামীদের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়ার পর তাদের হাতে ধরিয়ে দিত টুরিস্ট ভিসা।
রোববার বিকেলে রাজধানীর বনানীর সৈনিক ক্লাব এলাকায় অভিযান চালিয়ে সিআইডির মানবপাচার শাখার (টিএইচবি) একটি দল তাদের গ্রেপ্তার করে। কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে ১৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম, মো. রুহুল আমিন, মো. হৃদয় হাসান, আবু রায়হান ও মো. সানি মিয়া। অভিযানের সময় তাদের কাছ থেকে ৫১টি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি স্মার্টফোন এবং বিভিন্ন হিসাবসংবলিত রেজিস্ট্রার উদ্ধার করা হয়।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান সোমবার জানান, চক্রটি বনানীর সৈনিক ক্লাব এলাকায় একটি ভুয়া অফিস খুলে সৌদি আরবে ড্রাইভিং ভিসায় চাকরির বিজ্ঞাপন দিত। অনলাইনেও প্রচারণা চালানো হতো।
তিনি জানান, একজন ভুক্তভোগীর সঙ্গে সৌদিতে ড্রাইভিং ভিসায় পাঠানোর জন্য ৩ লাখ ৭০ হাজার টাকায় চুক্তি করে চক্রটি। এরই মধ্যে ওই ব্যক্তির কাছ থেকে ২ লাখ ৬৬ হাজার টাকা নেওয়া হয়। পরে ড্রাইভিং ভিসার পরিবর্তে তাকে টুরিস্ট ভিসা দেওয়া হলে প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে।
এ ঘটনায় ভুক্তভোগী বনানী থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। পরে মামলাটির তদন্তে নামে সিআইডি।
সিআইডি সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে চক্রটির প্রতারণার আরও তথ্য পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন ব্যক্তির পাসপোর্ট নিজেদের কাছে রেখে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আদায় করছিল বলে অভিযোগ রয়েছে। একই কৌশলে আরও অনেকের সঙ্গে প্রতারণা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সিআইডির কর্মকর্তারা বলছেন, বিদেশে চাকরির প্রলোভনে অনেকেই প্রতারক চক্রের ফাঁদে পড়ছেন। আকর্ষণীয় বেতন ও সহজে ভিসা পাওয়ার প্রস্তাব দেখিয়ে প্রথমে অর্থ নেওয়া হয়। পরে ভুক্তভোগীদের কেউ কেউ প্রতিশ্রুত চাকরি বা ভিসা না পেয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েন।
সিআইডি বিদেশে যাওয়ার ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে পাসপোর্ট ও টাকা না দেওয়ার পরামর্শ দিয়েছে। বিদেশে কর্মসংস্থানের জন্য সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
পাশাপাশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দেওয়া ভিসা, চাকরির প্রস্তাব কিংবা অর্থ লেনদেন নিয়ে সন্দেহ তৈরি হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

