Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

অনলাইনে হেরোইন তৈরির কাঁচামাল বিক্রির অভিযোগ, প্রতিষ্ঠানটির আইটি ম্যানেজার আটক

অনলাইনে হেরোইন তৈরির কাঁচামাল বিক্রির অভিযোগ, প্রতিষ্ঠানটির আইটি ম্যানেজার আটক

অনলাইন ডেস্ক: অনলাইন প্ল্যাটফর্মে নিয়ন্ত্রিত রাসায়নিক বিক্রির অভিযোগে রাজধানীতে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে এসিটিক অ্যানহাইড্রাইড, এসিটোনসহ বিভিন্ন রাসায়নিক জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির আইটি ম্যানেজারকে আটক করেছে ডিএনসি।

ডিএনসি জানিয়েছে, মাদক তৈরিতে ব্যবহৃত হতে পারে এমন নিয়ন্ত্রিত রাসায়নিকের অবৈধ ব্যবহার ও অননুমোদিত সরবরাহ ঠেকাতে ঢাকা বিভাগীয় গোয়েন্দা দল অনলাইনে নজরদারি বাড়িয়েছে। সাইবার পেট্রোলিংয়ের সময় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে রাসায়নিক বিক্রির একাধিক বিজ্ঞাপন তাদের নজরে আসে।

তথ্য যাচাই করতে গিয়ে ‘ই-কেম’ নামের একটি প্রতিষ্ঠানের অনলাইন কার্যক্রমে নজর দেয় গোয়েন্দারা। ডিএনসির ভাষ্য, প্রতিষ্ঠানটি অনলাইনে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রির বিজ্ঞাপন দিয়ে অর্ডার নিচ্ছিল। এর মধ্যে নিয়ন্ত্রিত কয়েকটি প্রিকারসর কেমিক্যালও সাধারণ ক্রয়-বিক্রয় পদ্ধতিতে সরবরাহের জন্য তালিকাভুক্ত ছিল।

পরে বিষয়টি যাচাই করতে ডিএনসির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির অনলাইন প্ল্যাটফর্মে ৫০০ মিলিলিটার এসিটিক অ্যানহাইড্রাইডের অর্ডার করা হয়। অর্ডার গ্রহণ ও সরবরাহের প্রক্রিয়ায় অনিয়মের তথ্য পাওয়ার পর প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয় বলে জানিয়েছে সংস্থাটি।

অভিযানে এসিটিক অ্যানহাইড্রাইড ও এসিটোনসহ বিভিন্ন রাসায়নিক জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির আইটি ম্যানেজারকে আটক করা হয়।

ডিএনসি জানিয়েছে, নিয়ন্ত্রিত রাসায়নিক পদার্থের ব্যবহার, সংরক্ষণ ও সরবরাহের ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে অনলাইনে এসব রাসায়নিকের সরবরাহের সঙ্গে আরও কেউ জড়িত কি না, সে বিষয়েও তথ্য নেওয়া হচ্ছে।

ডিএনসির কর্মকর্তারা জানান, মাদক তৈরিতে ব্যবহৃত হতে পারে এমন নিয়ন্ত্রিত রাসায়নিকের অননুমোদিত কেনাবেচা ঠেকাতে অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও নজরদারি অব্যাহত থাকবে। এ ধরনের পদার্থের অবৈধ ব্যবহার বা সরবরাহের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram