Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

আইনের চোখ ফাঁকি দিয়ে ১৯ বছর, যেভাবে ধরা পড়লেন ‘কিলার মাসুদ’

আইনের চোখ ফাঁকি দিয়ে ১৯ বছর, যেভাবে ধরা পড়লেন ‘কিলার মাসুদ’

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় দায়ের করা অস্ত্র মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং ১৯ বছর ধরে পলাতক আসামি মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া ওরফে ‘কিলার মাসুদ’কে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে।

র‍্যাব জানায়, র‍্যাব-৩ ও র‍্যাব-৭-এর যৌথ অভিযানে গত ১৮ আগস্ট রাতে চট্টগ্রাম মহানগরের ডাবলমুরিং থানার পাঠানটুলী এলাকার নাজমা ম্যানশন থেকে মাসুদুল করিমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুদুল করিমের বয়স ৫৫ বছর। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পূর্ব লাড়ুয়া এলাকার মৃত আব্দুল হালিম ভূইয়ার ছেলে। র‍্যাবের তথ্য অনুযায়ী, তিনি ঢাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

র‍্যাবের ভাষ্য, ২০০৭ সালে ফরিদগঞ্জ থানায় অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় মাসুদুল করিমের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। গত ১৯ বছর দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে নিজের নাম-পরিচয় গোপন করে বসবাস করছিলেন তিনি।

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার তথ্যের ভিত্তিতে র‍্যাব-৩-এর একটি দল তার অবস্থান শনাক্ত করে। পরে র‍্যাব-৭-এর সহযোগিতায় চট্টগ্রামের ডাবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার মাসুদুল করিমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram